পটুয়াখালীতে ফ্ল্যাট থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; রুমমেট নিখোঁজ
- আপডেট সময় ১০:৩৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / 12
পটুয়াখালী পৌর শহরের একটি আবাসিক ফ্ল্যাট থেকে মো. বাদশা ফয়সাল (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে শহরের সবুজবাগ এলাকার একটি চারতলা ভবনের ভাড়া বাসা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের রুমমেট নিখোঁজ থাকায় বিষয়টি নিয়ে রহস্য দানা বেঁধেছে।
নিহত ফয়সাল বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হওয়ার পাশাপাশি শহরের ‘সফট বাইট’ নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানের সবুজবাগ শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
সহকর্মীরা বুধবার সকাল থেকে ফয়সালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে তাঁর বাসায় যান। সেখানে গিয়ে তাঁরা খাটের পাশে মেঝেতে ফয়সালকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার পর থেকেই ফয়সালের রুমমেট নাহিমুল ইসলাম চয়ন নিখোঁজ রয়েছেন। সংশ্লিষ্ট সূত্র মতে, কর্মস্থলে অর্থ লেনদেন সংক্রান্ত কিছু অনিয়মের অভিযোগ ছিল ফয়সাল ও তাঁর রুমমেটের বিরুদ্ধে। তাঁরা কিছু টাকা পরিশোধের আশ্বাস দিলেও ঘটনার পর তাঁদের অবস্থান নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা পুরো বিষয়টিকে আরও জটিল করে তুলেছে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সজেদুল ইসলাম সজল জানান, ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। বর্তমানে সিআইডি ও পিবিআই যৌথভাবে বিষয়টি তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং নিখোঁজ রুমমেটকে খুঁজে বের করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।























