সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, শিগগিরই ফিরছেন দেশে
- আপডেট সময় ০৪:৩০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / 22
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ দেড় মাস চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সম্প্রতি তার স্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে উড়িয়ে দিয়ে তিনি জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল এবং দ্রুতই তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
পারিবারিক ও সচিবালয় সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে প্রথমে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক জটিলতা বৃদ্ধি পাওয়ায় ১৫ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
সেখানে প্রায় এক মাস নিবিড় পর্যবেক্ষণে থাকার পর গত ১৪ এপ্রিল তাকে উন্নত ফিজিওথেরাপির জন্য মালয়েশিয়ার একটি বিশেষায়িত পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানান, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত সপ্তাহ থেকে তিনি বেডে উঠে বসতে পারছেন এবং চিকিৎসকদের পরামর্শে অল্পস্বল্প কথা বলছেন।
বর্তমানে মালয়েশিয়ায় তাকে নিবিড় ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে, যা তার শারীরিক সক্ষমতা পুরোপুরি ফিরে পেতে সহায়ক হবে। চিকিৎসকরা তার এই উন্নতিকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং তিনি এখন সম্পূর্ণ শঙ্কামুক্ত বলে জানানো হয়েছে।
রাজনৈতিকভাবে বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী মির্জা আব্বাস সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি সংসদ সদস্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
তার অসুস্থতার খবরে রাজনৈতিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছিল, তবে বর্তমান উন্নতির খবরে স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত পূর্ণ আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
























