জবাবদিহিতার সংস্কৃতি ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে সরকার: তথ্যমন্ত্রী
- আপডেট সময় ০৮:২৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / 15
দেশে জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, রাষ্ট্রে কার্যকর জবাবদিহিতা থাকলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এমন পরিস্থিতির মুখে পড়ত না।
শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সাত জেলার সাংবাদিকদের মধ্যে আর্থিক সহায়তা এবং সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।
মন্ত্রী বলেন, সাংবাদিকদের জন্য নেওয়া এসব উদ্যোগ কোনো দয়া বা অনুদান নয়; বরং এটি গণমাধ্যমকে শক্তিশালী করার প্রচেষ্টা।
তিনি আরও বলেন, বগুড়াবাসী দীর্ঘদিন যেসব অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, সেগুলো তালিকা করে ধাপে ধাপে ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি বগুড়া প্রেসক্লাবের পূর্ণাঙ্গ ভবন নির্মাণের দায়িত্বও তিনি নিয়েছেন।
তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। আধুনিক সমাজে গণমাধ্যম ছাড়া উন্নয়ন ও অগ্রগতি কল্পনা করা যায় না। গণতন্ত্রকে শক্তিশালী করা এবং রাষ্ট্রের কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে স্বাধীন গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, রাষ্ট্রের সব কর্মকাণ্ড আয়নার মতো তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। তাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার। একই সঙ্গে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সময়োপযোগী করতে প্রয়োজনীয় সংস্কারও করা হবে।
মন্ত্রী আরও জানান, সরকারের বয়স এখনো এক মাস পূর্ণ হয়নি। তবে এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড চালু এবং কৃষিঋণ মওকুফের মতো কর্মসূচি রয়েছে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও সাংবাদিক নেতা গণেশ দাসসহ অনেকে।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সাত জেলার ৫১ জন সাংবাদিককে আর্থিক সহায়তা এবং ৪৬ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ।

























