‘জেনুইন ভোট’ হলে অনেক কিছুই ইতিবাচকভাবে বদলে যাবে: আবুল হায়াত
- আপডেট সময় ০২:২৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 29
ঢাকা-৮ আসনের ভিকারুননিসা নূন স্কুল কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বরেণ্য অভিনেতা ও প্রকৌশলী আবুল হায়াত। ২০১৪ থেকে ২০২৪ সালের তিনটি বিতর্কিত নির্বাচন বাদে দেশের প্রায় সব নির্বাচনেই অংশ নিয়েছেন তিনি। এবারের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি একে ‘ভালো এবং সুন্দর’ বলে অভিহিত করেছেন।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন আবুল হায়াত। ভোট-পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি জানান, এখন পর্যন্ত পরিবেশ অত্যন্ত চমৎকার এবং কোনো ধরনের বিশৃঙ্খলা তাঁর চোখে পড়েনি।
তিনি বলেন, “বহু বছর পর ভোট দিলাম, অনুভূতিটা ঠিক যেন এক নতুন ভোটারের মতো।”
যোগ্য প্রার্থীরা জয়লাভ করুক—এমনটাই কামনা আবুল হায়াতের। তিনি আশাবাদী যে, একটি প্রকৃত রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এলে জনজীবনে শৃঙ্খলা ও স্থিতি ফিরে আসবে।
বেলা সাড়ে ১০টার দিকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন প্রবীণ মানবাধিকারকর্মী ও জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন। ভোট দিয়ে তিনি জানান, পরিবেশ শান্তিপূর্ণ থাকলেও ভোটারদের উপস্থিতি তাঁর কাছে কিছুটা কম মনে হয়েছে।
























