ইভ্যালির রাসেল ও শামীমা আবারও গ্রেফতার
- আপডেট সময় ০৩:৪৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / 96
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে পুনরায় গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের আটক করা হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ডিবি পুলিশ তাদের গ্রেফতারের বিষয়টি থানায় অবহিত করেছে।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রাহকের অর্থ আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় দায়ের করা বিভিন্ন মামলায় এই দম্পতির বিরুদ্ধে মোট ৩৯১টি গ্রেফতারি পরোয়ানা জারি আছে। এর মধ্যে শুধুমাত্র ধানমন্ডি থানায় তাদের বিরুদ্ধে শতাধিক পরোয়ানা ঝুলছিল।
উল্লেখ্য, সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার একটি আদালত অন্য একটি প্রতারণা মামলায় শামীমা ও রাসেলকে ১৫ মাসের সশ্রম কারাদণ্ড দেয়। রায় ঘোষণার সময় তারা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।
এর আগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বাসভবন থেকে র্যাব তাদের প্রথমবার গ্রেফতার করেছিল। দীর্ঘ কারাবাসের পর ২০২২ সালের এপ্রিলে শামীমা নাসরিন এবং ২০২৩ সালের ডিসেম্বরে মোহাম্মদ রাসেল জামিনে মুক্তি পান।
























