মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক
- আপডেট সময় ১১:৩৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 64
মোটরসাইকেলের সামনের দিকেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত নিয়ম মেনে নিজ উদ্যোগে সামনের নম্বরপ্লেট বসাতে হবে মালিকদের। নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে বিআরটিএ। এত দিন মোটরসাইকেলের পেছনে ডিজিটাল নম্বরপ্লেট থাকলেও নতুন নির্দেশনা অনুযায়ী সামনের অংশেও ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডিযুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট থাকার বিধান রয়েছে। তবে ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি আরও জোরদার করার লক্ষ্যে মোটরসাইকেলের সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য প্রাথমিকভাবে মালিকদের নির্ধারিত শর্ত মেনে ম্যানুয়াল নম্বরপ্লেট বসাতে হবে।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, সামনের নম্বরপ্লেট স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। প্লেটের পটভূমি হবে সাদা এবং এর ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। নম্বরপ্লেটে কোনো নকশা বা অতিরিক্ত সাজসজ্জা রাখা যাবে না।
স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের জন্য নম্বরপ্লেটের মাপও নির্ধারণ করে দিয়েছে বিআরটিএ। স্কুটারের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। স্কুটার ছাড়া অন্যান্য সাধারণ মোটরসাইকেলের ক্ষেত্রে প্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার।
উভয় ধরনের নম্বরপ্লেটেই অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব শর্ত মেনে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট স্থাপনের জন্য মালিকদের আহ্বান জানিয়েছে বিআরটিএ।

























