ককটেল ফুটিয়ে সরকারকে সংকটে ফেলা যাবে না: ডা. জাহেদ
- আপডেট সময় ০৩:৩৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / 36
রাজধানীতে দু-একটি ককটেল বিস্ফোরণ বা বাসে আগুন দেওয়ার ঘটনায় সরকারের বিরুদ্ধে কোনো সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাহেদ উর রহমান বলেন, বর্তমানে দেশে কোনো রাজনৈতিক সংকট দেখছে না সরকার। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্ব পালন করবে—এ বিষয়টি মেনে নিয়েই রাজনীতি করা উচিত।
বিরোধী দলের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, তারা লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। তবে আন্দোলনের মাধ্যমে সরকারের ওপর চাপ তৈরি করার বিষয়টি রাজনৈতিকভাবে করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে তথ্য উপদেষ্টা বলেন, ঢাকার বিভিন্ন স্থানে দু-একটি ককটেল বিস্ফোরণ বা বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটলেও এসবের মাধ্যমে সরকারের বিরুদ্ধে বড় কোনো সংকট তৈরি করা সম্ভব নয়।
জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে তিনি বলেন, ডিজেলে সরকার প্রায় ৪০ হাজার কোটি টাকা লোকসান করত। সেই লোকসান কমানোর চেষ্টা করা হচ্ছে। বিশ্ববাজারে জ্বালানির দাম বর্তমানে অস্থিতিশীল হওয়ায় ভবিষ্যতে দাম আরও বাড়তে পারে বলেও উল্লেখ করেন তিনি।
তেলের দাম বাড়ায় সাধারণ মানুষের কষ্ট হবে—সরকার বিষয়টি বিবেচনায় রেখেছে জানিয়ে তিনি বলেন, পরিবহনে যৌক্তিক ভাড়া নিশ্চিত করা এবং সবচেয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে।
গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়ে জাহেদ উর রহমান জানান, আগস্টে যে সংকট তৈরি হয়েছিল, তা অনেকটাই কেটে গেছে। বর্তমানে গ্যাস সরবরাহ সংকটের আগের পর্যায়ে ফিরে এসেছে। পাশাপাশি গ্যাস আমদানির ওপর নির্ভরতা কমাতেও সরকার কাজ করছে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়ে তিনি বলেন, দীর্ঘ সময় তাদের বেতন স্কেল সংশোধন হয়নি। তাই বিষয়টিকে সরকারের অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে। তবে পুরো বেতন কাঠামো একসঙ্গে বাস্তবায়ন না করে ধাপে ধাপে কার্যকর করা হচ্ছে।
ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়েও তথ্য উপদেষ্টা জানান, এ কর্মসূচির জন্য ডাটাবেইজ তৈরির কাজ চলছে। ধাপে ধাপে সবাইকে এর আওতায় আনা হবে। প্রাথমিকভাবে প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর প্রসঙ্গে তিনি জানান, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ও কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
রোহিঙ্গা সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ধরে রাখার বিষয়টি প্রধানমন্ত্রীর বক্তব্যে গুরুত্ব পাবে বলেও জানান তিনি। পাশাপাশি ওয়াল স্ট্রিট ও মেটার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথাও রয়েছে।
বাংলাদেশের বোয়িং কেনার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, বিষয়টি প্রকাশিত তথ্যের মধ্যে রয়েছে এবং এ ধরনের একটি চুক্তি হতে পারে। তবে এখন পর্যন্ত সরকারিভাবে পাওয়া তথ্য এর মধ্যেই সীমাবদ্ধ।
প্রধানমন্ত্রীর সানফ্রান্সিসকো সফর সংক্ষিপ্ত করার বিষয়ে তিনি বলেন, সেখানে জাতিসংঘ সাধারণ পরিষদের কোনো অনুষ্ঠান ছিল না। পরবর্তীতে ব্যয় সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে সফর সংক্ষিপ্ত করা হয়েছে।

























