‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী
- আপডেট সময় ০৭:৩৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / 33
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শৌচাগার ও সার্বিক পরিবেশের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। হাসপাতাল পরিদর্শনের সময় শৌচাগার বন্ধ থাকা, ফ্যান নষ্টসহ বিভিন্ন অব্যবস্থাপনা দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এ সময় নিজেই শৌচাগার পরিষ্কার করার কথা বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে রোগীদের সেবা কার্যক্রম পরিদর্শনে যান মন্ত্রী। তিনি ওই হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি।
পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের শৌচাগারের অবস্থা দেখে ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহানের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী। এ সময় তাঁকে নিজেই শৌচাগার পরিষ্কার করার কথা বলতে শোনা যায়।
ছড়িয়ে পড়া ভিডিওতে মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব। যদি আমি পারি, তাহলে আপনার কাছে জানতে চাইব, আপনি কেন পারলেন না।’
হাসপাতালের বিভিন্ন স্থানের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘টাইলসের ওপর কালো দাগ থাকার কথা নয়। হারপিক ব্যবহার করলে এসব দাগ পরিষ্কার হয়ে যায়।’
শৌচাগারের অবস্থা নিয়ে তিনি আরও বলেন, ‘বাথরুমগুলোর জঘন্য অবস্থা। সব ফ্লোরে দেখব, বাথরুম আছে ছয়টা, এর মধ্যে পাঁচটি বন্ধ। অন্তত বাথরুমটা তো আপনারা ঠিক রাখবেন।’ একপর্যায়ে তিনি বলেন, ‘আই ওয়ান্ট ক্লিন রাইট নাউ।’
শুধু শৌচাগার নয়, হাসপাতালের বৈদ্যুতিক পাখাগুলোর নাজুক অবস্থাও মন্ত্রীর নজরে আসে। দীর্ঘদিন ধরে নষ্ট থাকা ফ্যানগুলো দ্রুত মেরামতের জন্য হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালককে নির্দেশ দেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান বলেন, গণপূর্ত বিভাগকে দ্রুত শৌচাগার মেরামতের জন্য বলা হয়েছে। শৌচাগারসহ পুরো হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে ১১ জন সরকারি কর্মচারী ও ৬৩ জন আউটসোর্সিং কর্মচারী কাজ করেন বলেও জানান তিনি।
হাসপাতালের পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা কর্মীদের এ বিষয়ে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত পরিচালক।




















