জর্জিনাকে বিয়ে করে আর্জেন্টিনার জামাই হলেন পর্তুগিজ তারকা রোনালদো!
- আপডেট সময় ১১:৫৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / 32
দীর্ঘ এক দশকের প্রেমের পর জর্জিনাকে বিয়ে করলেন রোনালদো
বিয়ের ফুল ফুটল পর্তুগিজ ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনে। ৪১ বছর বয়সে দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করে এবার আনুষ্ঠানিকভাবে সংসারী হলেন তিনি।
কয়েক দিন ধরেই রোনালদোর বিয়ের গুঞ্জন চলছিল। অবশেষে মঙ্গলবার সেই গুঞ্জনের অবসান ঘটেছে। পর্তুগালের সৈকত শহর কাসকাইসে একান্ত পারিবারিক আয়োজনে জর্জিনাকে বিয়ে করেন রোনালদো। বাগদানের ঘোষণা দেওয়ার ঠিক এক বছর পর বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন এই তারকা জুটি।
রোনালদোর প্রতিনিধিরাও বিয়ের খবর নিশ্চিত করেছেন। তাঁর জনসংযোগ প্রতিষ্ঠান ব্রান্সউইক গ্রুপ এএফপিকে জানিয়েছে, অনুষ্ঠানটি ছিল পুরোপুরি ব্যক্তিগত ও ঘরোয়া। সেখানে উপস্থিত ছিলেন দম্পতির পাঁচ সন্তান।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ইঙ্গিতপূর্ণ ছবি প্রকাশ করেন রোনালদো। ছবিতে দেখা যায়, জর্জিনার হাতের ওপর রাখা রোনালদোর হাত। দুজনের অনামিকায় শোভা পাচ্ছে বিয়ের আংটি। ক্যাপশনে ‘C’ ও ‘G’-এর মাঝে ভালোবাসার ইমোজি ব্যবহার করেন তিনি। এতেই ভক্তদের কাছে বিয়ের খবরটি স্পষ্ট হয়ে যায়।
ঠিক এক বছর আগে, ২০২৫ সালের ১১ আগস্ট, জর্জিনা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে রোনালদোর সঙ্গে তাঁর বাগদানের খবর জানিয়েছিলেন। সেই ছবিতে রোনালদোর হাতের ওপর নিজের হাত রেখে অনামিকায় বড় একটি আংটি দেখিয়েছিলেন তিনি। এক বছর পর সেই দৃশ্য যেন নতুন রূপ পেল—এবার জর্জিনার হাতের ওপর রোনালদোর হাত। আইনি প্রক্রিয়ায় দুজন এখন স্বামী-স্ত্রী।
রোনালদো ও জর্জিনার বিয়ের সম্ভাব্য স্থান নিয়ে আগে থেকেই নানা গুঞ্জন ছিল। পর্তুগিজ সংবাদমাধ্যমের খবরে সিনত্রা কিংবা রোনালদোর জন্মস্থান মাদেইরার নামও উঠে এসেছিল। এমনকি মাদেইরার ফুনশালের একটি গির্জায় বিয়ে হচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়লে সেখানে শত শত মানুষ ভিড় করেন। পরে অবশ্য জানা যায়, সেখানে রোনালদো-জর্জিনার কোনো বিয়ের অনুষ্ঠান নির্ধারিত ছিল না।
শেষ পর্যন্ত লিসবন থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত কাসকাইসকেই বিয়ের জন্য বেছে নেন তাঁরা। এই শহরে রোনালদো-জর্জিনার একটি ভিলাও রয়েছে।
জর্জিনার জন্ম আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে। ২০১৬ সালে মাদ্রিদে গুচির একটি শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করার সময় রোনালদোর সঙ্গে তাঁর পরিচয় হয়। সেখান থেকেই শুরু হয় তাঁদের প্রেম। জর্জিনার ভাষায়, সেটি ছিল ‘প্রথম দেখাতেই প্রেম’।
দীর্ঘদিনের সম্পর্কের পর ২০১৭ সালের জানুয়ারিতে ফিফার ‘দ্য বেস্ট’ পুরস্কার অনুষ্ঠানে প্রথমবারের মতো প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় তাঁদের। একই বছর মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে জর্জিনার সঙ্গে সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান রোনালদো।
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে এই তারকা জুটির অনুসারীর সংখ্যা ৭৫ কোটিরও বেশি। ফুটবলের বাইরেও ফ্যাশন, হোটেলসহ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ রয়েছে তাঁদের।
রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র ২০১০ সালে জন্ম নেয়। তাঁর মায়ের পরিচয় কখনো প্রকাশ করেননি রোনালদো। ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তান ইভা মারিয়া ও মাতেওর বাবা হন তিনি। একই বছরের শেষ দিকে জর্জিনার কোলে আসে তাঁদের মেয়ে অ্যালানা মার্টিনা। ২০২২ সালে যমজ সন্তান জন্ম দেন জর্জিনা। তবে জন্মের কিছুক্ষণ পর ছেলে অ্যাঞ্জেল মারা যায়।
ফুটবল মাঠেও রোনালদোর সাফল্যের গল্প দীর্ঘ। পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৭৬ গোল করেছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে খেলার পর বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে মাঠ মাতাচ্ছেন এই পর্তুগিজ তারকা। ক্যারিয়ারে পাঁচটি ব্যালন ডি’অর ও পাঁচটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন। ইংল্যান্ড, স্পেন ও ইতালিতেও লিগ শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি।
পর্তুগাল জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও গোল করার রেকর্ডও এখন রোনালদোর দখলে। এবার দীর্ঘ এক দশকের প্রেমের সম্পর্ককে বিয়ের মাধ্যমে নতুন অধ্যায়ে নিয়ে গেলেন ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় এই তারকা।

























