রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস
- আপডেট সময় ১০:৫৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / 37
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সারা দেশে রাষ্ট্রীয় মর্যাদায় নানা কর্মসূচি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের ৬৪ জেলায় শহীদদের স্মরণে বিভিন্ন আয়োজন করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের ঘটনাকে কেন্দ্র করে দিবসটি পালন করা হচ্ছে। পরবর্তীতে ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার ৫ আগস্টকে জাতীয় দিবস এবং ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে ঘোষণা করে।
সরকারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দেশের ৬৪ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশানে সাজানো হয়েছে। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনও নিজস্ব কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে।
দিবসের কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন। এরপর বেলা ১১টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাইযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
দিবসটি উপলক্ষে পৃথক বাণীতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধা ও দেশপ্রেমিক নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তারা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করেছেন।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দেশ-বিদেশে ‘জুলাই গণঅভ্যুত্থান’ বা ‘জুলাই বিপ্লব’ নামে পরিচিতি লাভ করে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।




















