মেট্রোরেলে অর্ধেক ভাড়ার সুবিধা পাচ্ছেন যারা
- আপডেট সময় ০৬:৪৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / 31
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে ৫০ শতাংশ ভাড়া ছাড়ের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেন, যাতায়াত আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে প্রতিবন্ধী ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের জন্য নতুন পুনর্বাসন কেন্দ্র ‘সিএসএফ সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেট ও নীতিনির্ধারণে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমঅধিকার এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে দেশের প্রতিটি জেলায় প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের যাতায়াত ব্যয় কমাতে এবং তাদের জন্য গণপরিবহন আরও সহজলভ্য করতে মেট্রোরেলের ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) থেকে প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মেট্রোরেল এবং ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড় কার্যকর করে রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন মন্ত্রণালয়। নতুন ঘোষণায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য এ ছাড়ের পরিমাণ ৫০ শতাংশে উন্নীত করার কথা জানানো হয়েছে।
অনুষ্ঠানে সিএসএফ সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

























