পররাষ্ট্রনীতির নতুন বেঞ্চমার্ক স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর: অর্থমন্ত্রী
- আপডেট সময় ০৬:০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / 41
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন একটি মানদণ্ড স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ সফরের মাধ্যমে বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা আরও স্পষ্ট হয়েছে।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনের শুরুতে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন।
অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের রাজনীতিতে একটি সাংস্কৃতিক পরিবর্তনের সূচনা করেছেন। বিদেশ সফরে যাওয়া ও ফিরে আসার সময় তিনি কোনো গণসংবর্ধনা বা বড় ধরনের জনসমাগমের আয়োজন করেননি। তার মতে, এটি একটি ইতিবাচক পরিবর্তন এবং বিদেশ সফরের ক্ষেত্রে নতুন একটি মানদণ্ড স্থাপন করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আন্তর্জাতিক সম্পর্ককে কাজে লাগাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের জ্বালানি, শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগের গুরুত্বপূর্ণ স্বার্থ জড়িত। অন্যদিকে চীনের সঙ্গে বাংলাদেশের বৃহৎ বাণিজ্যিক সম্পর্ক ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতা রয়েছে। সফরে চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো এবং বাংলাদেশ থেকে রপ্তানি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, চীন ও মালয়েশিয়া সফরের মূল ভিত্তি ছিল বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং জাতীয় স্বার্থকে এগিয়ে নেওয়ার লক্ষ্য।























