বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের সমঅধিকার নিশ্চিত করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- আপডেট সময় ০৪:০০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / 118
বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য অন্য সব নাগরিকের মতো সমঅধিকার ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, শিক্ষা, চিকিৎসা ও যাতায়াতসহ বিভিন্ন ক্ষেত্রে এ জনগোষ্ঠীর জন্য নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।
শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে প্রতিবন্ধী ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের জন্য পুনর্বাসন কেন্দ্র (সিএসএফ সেন্টার) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেট ও নীতিনির্ধারণে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের অন্য সব নাগরিকের মতো সমঅধিকার ও সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। পাশাপাশি দেশের প্রতিটি জেলায় প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, মেট্রোরেলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৫০ শতাংশ ভাড়া ছাড়ের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে সরকার।
ড. এম এ মুহিত বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিটি শিশুর প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা নিশ্চিত করতেও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

























