সুনামগঞ্জের পৃথক হাওরে বজ্রপাত, ধান কাটার সময় ৫ কৃষকের মৃত্যু
- আপডেট সময় ০৫:৪৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / 19
সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ধান কাটার সময় বজ্রপাতের পৃথক ঘটনায় পাঁচজন কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলায় আকস্মিক ঝড়-বৃষ্টির সময় এই দুর্ঘটনাগুলো ঘটে। নিহতদের মধ্যে একজন কলেজ শিক্ষার্থী ও একজন কিশোরও রয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হলে কৃষকরা হাওরে কাজ করছিলেন। তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে বজ্রাঘাতে গুরুতর আহত হন আবুল কালাম (২৫)। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একই সময়ে জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে চানপুর গ্রামের নাজমুল হোসেন (২৬) নিহত হন। এ ঘটনায় আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন জামালগঞ্জ থানার ওসি বন্দে আলী। অন্যদিকে, ধর্মপাশা উপজেলায় পৃথক দুটি ঘটনায় হাবিবুর রহমান (২৪) ও রহমত উল্লাহ (১৩) নামের দুইজনের প্রাণহানি ঘটে। নিহত হাবিবুর রহমান বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যাহ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়া দিরাই উপজেলার কালিয়াগোটা হাওরে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন লিটন মিয়া (৩৮) নামের এক কৃষক। তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রশান্ত দাস তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
চলতি মৌসুমে হাওরে ধান কাটার ধুম পড়ায় এমন আকস্মিক বজ্রপাতে কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আবহাওয়া অফিস ও স্থানীয় প্রশাসন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য হাওরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
























