জাতীয় দলের ব্যাটিং ব্যর্থতা প্রসঙ্গে সংসদে ক্রিয়া প্রতিমন্ত্রী
- আপডেট সময় ১১:৩৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / 15
জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং দুর্বলতা কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ব্যাটসম্যানদের কারিগরি, কৌশলগত ও মানসিক সক্ষমতা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে, যার ইতিবাচক ফলও পাওয়া যাচ্ছে। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় দলের ব্যাটিং ব্যর্থতার বিষয়টি বিবেচনায় রেখে বয়সভিত্তিক দল, হাই পারফরম্যান্স ইউনিট, বাংলাদেশ ‘এ’ দল এবং জাতীয় দলের খেলোয়াড়দের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, এ লক্ষ্যে দেশি-বিদেশি অভিজ্ঞ ও আন্তর্জাতিক মানের কোচ, ফিজিও, ট্রেইনার এবং অ্যানালিস্ট নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি খেলোয়াড়দের ব্যাটিং দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর বিশ্লেষণ এবং নিয়মিত পারফরম্যান্স পর্যবেক্ষণের কার্যক্রমও চলমান রয়েছে।
আমিনুল হক বলেন, বিসিবির নেওয়া এসব উদ্যোগের ফলে সাম্প্রতিক সময়ে বেশ কিছু ইতিবাচক ফলাফল দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান বিসিবি কমিটির নেতৃত্বে দেশের ক্রিকেট আরও গতিশীল হবে বলে আশা করা যায়। বিশেষ করে ব্যাটিং ইউনিট অতীতের যেকোনো সময়ের তুলনায় আরও কার্যকর ভূমিকা রেখে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।





















