কোচসহ ৭ ক্রিকেটারকে ছাঁটাই করল পাকিস্তান ক্রিকেট বোর্ড
- আপডেট সময় ১১:০৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / 48
ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই টেস্টে বড় ব্যবধানে হারের পর পাকিস্তান ক্রিকেট দলে বড় পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি টেস্ট দল থেকে সাত ক্রিকেটারকে বাদ দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে।
হেডিংলিতে প্রথম টেস্টে পাকিস্তান ইনিংস ও ১০৩ রানে হারে। এরপর লর্ডসে দ্বিতীয় টেস্টেও ১৯৪ রানের বড় ব্যবধানে পরাজিত হয় দলটি। ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড। এতে সিরিজ জয়ের সুযোগও শেষ হয়ে গেছে পাকিস্তানের।
তৃতীয় টেস্ট আগামী মাসে এজবাস্টনে অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগেই দলে বড় ধরনের পরিবর্তন আনল পিসিবি।
সরফরাজ আহমেদের জায়গায় নতুন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মাইক হেসনকে। তিনি এর আগে পাকিস্তানের সাদা বলের দলের কোচ ছিলেন। অন্যদিকে উমর গুলের স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার অ্যাশলি নফকি।
টেস্ট দল থেকে বাদ পড়া সাত ক্রিকেটার হলেন—মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, আলী উসমান, আমির জামাল, মুহাম্মদ আওয়াইস জাফর ও খুররম শাহজাদ।
লর্ডস টেস্টে পায়ের পেশিতে চোটের কারণে কোনো ইনিংসেই ব্যাট করতে পারেননি ইমাম-উল-হক। আর হেডিংলি টেস্টে নিয়মিত অধিনায়ক বাবর আজম চোটে পড়লে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন সালমান আলী আগা।
সোমবার এক বিবৃতিতে পিসিবি জানায়, লর্ডস টেস্ট শেষ হওয়ার পর সাত ক্রিকেটারকে টেস্ট দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে সরফরাজ আহমেদ ও উমর গুলকেও দলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তাদের জায়গায় কোচিং স্টাফে যুক্ত হচ্ছেন মাইক হেসন ও অ্যাশলি নফকি।

























