জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দলে দুই পরিবর্তন
- আপডেট সময় ০৬:০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / 18
জিম্বাবুয়ে সফরে চোটের কারণে পেসার মুস্তাফিজুর রহমান ছিটকে যাওয়ায় ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার পরিবর্তে ওয়ানডে দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন এবং টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত হয়েছেন তাসকিন আহমেদ।
প্রায় চার বছর পর বাংলাদেশের ওয়ানডে দলে সুযোগ পেলেন সাইফউদ্দিন। সর্বশেষ ২০২১ সালের জুলাইয়ে এই সংস্করণে জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। তবে শনিবার, ১১ জুলাই হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে তিনি একাদশে থাকবেন কি না, তা এখনও নিশ্চিত হয়নি।
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মুস্তাফিজুর রহমান শুধু শেষ ওয়ানডে নয়, পুরো টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেছেন। পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করতে তিনি দেশে ফিরে আসবেন।
মুস্তাফিজের পরিবর্তে টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া তাসকিন আহমেদ আগে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে যাওয়ার জন্য এ সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন। তবে জাতীয় দলের প্রয়োজন বিবেচনায় তিনি এলপিএলে যোগ দেওয়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে চোটে পড়া লিটন দাসের পরিবর্তে ওয়ানডে দলে অন্তর্ভুক্ত হন পারভেজ হোসেন ইমন। টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা সাইফউদ্দিন ও ইমনকে আগেই জিম্বাবুয়েতে পাঠিয়েছিল বিসিবি।
সাইফউদ্দিনকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়ে বিসিবি এক বিবৃতিতে জানায়, জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডের জন্য মুস্তাফিজুর রহমানের পরিবর্তে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে নেওয়া হয়েছে। একই সঙ্গে টি-টোয়েন্টি স্কোয়াডে মুস্তাফিজের জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাসকিন আহমেদকে।
আগামী শনিবার, ১১ জুলাই হারারেতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। প্রথম দুই ম্যাচে হেরে এরই মধ্যে ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এরপর ১৫, ১৭ ও ১৯ জুলাই বুলাওয়েতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

























