জেরার্ডকে স্পর্শ করলেন সালাহ, মাইলফলক হালান্ডের
- আপডেট সময় ০২:২৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 20
প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দৌড় এখন আর্সেনাল বনাম ম্যানচেস্টার সিটির দ্বৈরথে রূপ নিয়েছে। গতকাল ফুলহামকে ৩–০ গোলে বিধ্বস্ত করে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছে সিটি।
শিরোপার দৌড়ে নিজেদের দাপট বজায় রাখতে পরবর্তী ম্যাচে ব্রেন্টফোর্ডকে হারানোই লক্ষ্য আর্সেনালের। কোনোভাবে পয়েন্ট খোয়ালে মৌসুমের এই সন্ধিক্ষণে সিটির সাথে লড়াইয়ে বড় ধরনের চাপে পড়ে যাবে মিকেল আর্তেতার দল।
প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচটি নিজেদের পকেটে পুরে নেয় ম্যানচেস্টার সিটি। ২৪ মিনিটে আন্তোনি সেমেনিও সিটির জার্সিতে নিজের গোলের খাতা খোলেন, এরপর ৩০ মিনিটে নিকো ও’রেইলি ব্যবধান বাড়ান এবং ৩৯ মিনিটে গোল উৎসবে যোগ দেন আর্লিং হালান্ড।
এই গোলের মাধ্যমে ম্যানচেস্টার সিটির ইতিহাসের পাতায় নতুন করে নাম লিখলেন আর্লিং হালান্ড। ১৫৩ গোল নিয়ে তিনি এখন ক্লাব কিংবদন্তি কলিন বেলের সাথে যৌথভাবে সর্বকালের সেরা গোলদাতার তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন। বেল যেখানে ১৫৩ গোল করতে ৪৯২ ম্যাচ খেলেছেন, হালান্ড সেখানে মাত্র ১৮৩ ম্যাচেই সেই মাইলফলক স্পর্শ করলেন! তবে গোল উৎসবের এই রাতেই চোট পেয়ে মাঠ ছাড়ায় পেপ গার্দিওলার কপালে এখন চিন্তার ভাঁজ।
ম্যাচ শেষে পেপ গার্দিওলা ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছেন যে, হালান্ডের চোট খুব একটা গুরুতর নয়। মূলত অস্বস্তি বোধ করায় হালান্ড নিজেই মাঠ থেকে তুলে নেওয়ার অনুরোধ করেছিলেন।
এদিকে, প্রতিপক্ষের মাঠে জয় তুলে নিয়েছে লিভারপুল। ৬১ মিনিটে ভার্জিল ফন ডাইকের জয়সূচক গোলটিতে অবদান রেখে ইতিহাস গড়লেন মোহাম্মদ সালাহ। ৯২টি অ্যাসিস্ট নিয়ে তিনি এখন লিভারপুলের জার্সিতে স্টিভেন জেরার্ডের সাথে যৌথভাবে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোল সহায়তাকারী।


























