খিলক্ষেতে ১২ বছরের শিশু নিখোঁজ, অজ্ঞাত নম্বর থেকে ফোন
- আপডেট সময় ১১:৫০:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / 1
রাজধানীর খিলক্ষেত থেকে ১২ বছর বয়সী মো. হাবিবুল্লাহ নাঈম নিখোঁজ হয়েছে। শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এর মধ্যে অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে নাঈমকে আটকে রাখার দাবি করা হয়েছে।
পরিবারের ভাষ্য অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর বিকেলে কুড়িটোলা স্কুলরোডের বাসা থেকে বের হওয়ার পর নাঈম আর বাড়ি ফেরেনি। ওই সময় ছোট ভাই আদিলের সঙ্গে তার ঝগড়া হয়। পরে মায়ের বকাঝকার পর অভিমান করে বাসা থেকে বেরিয়ে যায় সে।
নাঈমের চাচা গোলাম হুসাইন জানান, শিশুটির মোবাইল ফোনও পরে বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি।
এরপর ১৮ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে নাঈমের পরিবারের কাছে অপরিচিত একটি নম্বর থেকে ফোন আসে। ফোনকারী দাবি করেন, নাঈম তাদের কাছে রয়েছে। পরিবারের সদস্যরা ফোনে শিশুটির কান্নার শব্দ শুনতে পান বলে জানান।
ফোনে নাঈমকে মারধর করে একটি বাথরুমে আটকে রাখার কথাও বলা হয়। একপর্যায়ে শিশুটিকে ‘হাজী বাড়ি ক্যাম্প এলাকায়’ রাখা হয়েছে বলে জানিয়ে ফোন কেটে দেওয়া হয়। পরে ওই নম্বরে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
নাঈমের মা মোছা. শরীফা খাতুন খিলক্ষেত থানায় এ ঘটনায় জিডি করেছেন। শিশুটির সন্ধান ও উদ্ধারের চেষ্টা চলছে।





















