মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাইরের শক্তির হাতে নয়: আরাগচি
- আপডেট সময় ০৮:৪৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / 10
মধ্যপ্রাচ্যের টেকসই নিরাপত্তা এ অঞ্চলের বাইরের কোনো শক্তির মাধ্যমে নির্ধারণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাঁর মতে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সংলাপ, আস্থা, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতেই স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ায় আয়োজিত ‘গ্লোবাল টাউন হল ২০২৬’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন আরাগচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরাগচি বলেন, বড় শক্তিগুলোর স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক আইন উপেক্ষা করা হলে আইনের শাসন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকে না। একই সঙ্গে জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর অবস্থান নিতে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারীদের জবাবদিহির আওতায় আনতে ব্যর্থ হলে এসব প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ও বৈধতা ক্ষতিগ্রস্ত হয়।
বর্তমান বিশ্বে বহুপক্ষীয় ব্যবস্থার প্রয়োজন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি বলেও মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য, একটি যুদ্ধের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না; এর মূল্য অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়।
তিনি বলেন, যুদ্ধের আর্থিক ব্যয় শেষ পর্যন্ত করদাতাদের বহন করতে হলেও সবচেয়ে বড় মূল্য দিতে হয় সাধারণ মানুষকে। জীবন, রক্ত, ঘরবাড়ি, ভবিষ্যৎ ও নিরাপত্তার বিনিময়ে তাদের সেই মূল্য দিতে হয়।
মধ্যপ্রাচ্যের নিরাপত্তার বিষয়ে আরাগচি বলেন, বিদেশি শক্তির সামরিক উপস্থিতি কিংবা তাদের সিদ্ধান্ত এ অঞ্চলের ওপর চাপিয়ে দিয়ে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বরং আঞ্চলিক দেশগুলোর নিজেদের মধ্যে সংলাপ, পারস্পরিক আস্থা, সহযোগিতা ও শ্রদ্ধার পরিবেশ তৈরি করাই টেকসই নিরাপত্তার পথ।
























