দেশের স্বার্থে সৎ মানুষদের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী
- আপডেট সময় ০৬:৫৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / 23
দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে ভালো ও সৎ মানুষদের রাজনীতিতে আসা জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত ‘আগামীর বরিশাল বিভাগ: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ভালো রাজনীতিবিদ তৈরি করতে না পারলে দেশের উন্নয়ন ও অগ্রগতির সুফল দীর্ঘস্থায়ী হবে না। বর্তমানে রাজনীতিতে নেতৃত্বের সংকট রয়েছে এবং অনেক মেধাবী তরুণ রাজনীতি থেকে দূরে সরে গেছে। তাই তরুণ ও যোগ্যদের রাজনীতিতে আসার অনুকূল পরিবেশ তৈরি করতে হবে।
তিনি বলেন, অবকাঠামো উন্নয়ন, গ্যাস সরবরাহ ও শিল্পায়ন উন্নয়নের অংশ হলেও দেশের এখন প্রয়োজন মানসম্মত ও টেকসই উন্নয়ন। আর এজন্য ভালো মানুষের নেতৃত্বে আসা প্রয়োজন।
বরিশালের ঐতিহ্য তুলে ধরে আন্দালিভ রহমান বলেন, রাজনীতি, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে বরিশাল দেশের নেতৃত্ব দিয়েছে। শেরেবাংলা এ কে ফজলুল হকসহ অনেক গুরুত্বপূর্ণ নেতা এ অঞ্চল থেকে উঠে এসেছেন। ভবিষ্যতেও বরিশাল থেকে যোগ্য ও সৎ নেতৃত্ব তৈরি হওয়া দরকার।
তিনি আরও বলেন, ডাক্তার, প্রকৌশলী বা অন্য পেশায় যাওয়ার পাশাপাশি দেশের মেধাবী তরুণরা যদি রাজনীতিতে এসে দেশ পরিবর্তনের প্রত্যয় ব্যক্ত করে, সেটিই ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে।






















