নাজমুলের উচ্চশিক্ষার স্বপ্নে প্রধানমন্ত্রীর সহায়তা
- আপডেট সময় ০৫:৪২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / 19
উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আর্থিক অনিশ্চয়তার মুখে পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নাজমুল হাসানের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নাজমুল। এ সময় তার উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে অনুদান দেওয়া হয়।
নাজমুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের মাস্টার্স (থিসিস) পর্যায়ের শিক্ষার্থী। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হন। পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি সুইডেনের স্কোভডে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য পূর্ণ বৃত্তি অর্জন করেন নাজমুল। তবে বিদেশে যাত্রা, প্রাথমিক আবাসনসহ প্রয়োজনীয় খরচ বহন করা তার পরিবারের জন্য কঠিন হয়ে পড়ে।
এই আর্থিক সংকটের মধ্যেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাওয়া অনুদান উচ্চশিক্ষার পথে নাজমুলকে সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের একটি দরিদ্র পরিবার থেকে উঠে আসা নাজমুল এখন আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। তার এই শিক্ষাযাত্রা দেশের তরুণদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠতে পারে।



















