বৈষম্যহীন সমাজ গঠনে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকার আহ্বান স্পিকারের
- আপডেট সময় ০৭:৩৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / 18
টেকসই, বৈষম্যহীন ও মানবসম্পদনির্ভর সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনমিতিক লভ্যাংশ, জনসংখ্যাগত রূপান্তর ও টেকসই উন্নয়ন বিষয়ে সংসদে কার্যকর আলোচনা এবং প্রয়োজনীয় আইন ও নীতি প্রণয়নের মাধ্যমে দেশের উন্নয়ন আরও গতিশীল করা সম্ভব।
রোববার (১২ জুলাই) জাতীয় সংসদের শপথ কক্ষে ‘স্ট্রেনদেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুজ (এসপিসিপিডি)’ প্রকল্পের আওতায় আয়োজিত ‘জনমিতিক লভ্যাংশ অর্জন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং আইসিপিডি অঙ্গীকার বাস্তবায়নে সংসদের ভূমিকা’ শীর্ষক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এতে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জনমিতিক পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্ব জনসংখ্যা দিবসের এবারের প্রতিপাদ্য ‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ বাস্তবায়নে সরকারের বিভিন্ন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, দেশের বড় তরুণ জনগোষ্ঠীকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করতে পারলে জনমিতিক লভ্যাংশকে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কাজে লাগানো সম্ভব হবে।
স্পিকার আরও বলেন, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশের কৌশলগত সহায়তায় জাতীয় সংসদ সদস্যদের ফোরাম (বিএপিপিডি) গঠনের মাধ্যমে জনসংখ্যা ও উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়ে আইন প্রণয়ন ও নীতিনির্ধারণে সংসদ সদস্যদের ভূমিকা আরও শক্তিশালী হবে।
তিনি বলেন, বাল্যবিয়ে প্রতিরোধ, সংশ্লিষ্ট আইন কার্যকর করা, কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করা এবং জনমিতিক লভ্যাংশ অর্জনের মতো বিষয়গুলো সংসদীয় কমিটির কার্যক্রমে অন্তর্ভুক্ত হলে নির্ধারিত লক্ষ্য অর্জন সহজ হবে।
স্পিকার আশা প্রকাশ করেন, স্বাস্থ্য, জেন্ডার সমতা, যুব উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে এসপিসিপিডি প্রকল্প কার্যকর ভূমিকা রাখবে।
চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশ বর্তমানে এমন একটি জনতাত্ত্বিক পর্যায়ে রয়েছে, যেখানে জনসংখ্যার বড় অংশ তরুণ। এই জনমিতিক লভ্যাংশকে অর্থনৈতিক সমৃদ্ধিতে রূপ দিতে হলে জাতীয় ও স্থানীয় পর্যায়ে সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
তিনি বলেন, জনমিতিক লভ্যাংশ কোনো স্বয়ংক্রিয় অর্জন নয়, বরং এটি পরিকল্পিত বিনিয়োগের ফল। তরুণদের মানসম্মত শিক্ষা, কারিগরি দক্ষতা ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে এই সম্ভাবনা দেশের অর্থনীতিতে বড় সুযোগ তৈরি করবে। অন্যথায় এটি সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জে পরিণত হতে পারে।
কর্মশালায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে জাতীয় সংসদের সদস্য, ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, প্রকল্প পরিচালক এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















