বাজেটে বাড়ছে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা
- আপডেট সময় ০৭:০০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / 18
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য মাসিক ভাতা বৃদ্ধির প্রস্তাব করেছে সরকার। তবে সাধারণ মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বিদ্যমান ভাতা অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে।
বৃহস্পতিবার, ১১ জুন জাতীয় সংসদে উপস্থাপিত প্রস্তাবিত বাজেটে এ তথ্য তুলে ধরা হয়।
বাজেট প্রস্তাব অনুযায়ী, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের মাসিক ভাতা ৫ হাজার টাকা করে বাড়ানো হবে। এতে বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক ভাতা ৪০ হাজার টাকা, বীর উত্তমদের ৩০ হাজার টাকা এবং বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবপ্রাপ্তদের জন্য ২৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা বর্তমান ২০ হাজার টাকাই বহাল রাখার কথা বলা হয়েছে।
এদিকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য চালু থাকা ভাতা কর্মসূচিও অব্যাহত রাখার প্রস্তাব করেছে সরকার। প্রস্তাবিত বাজেটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য মাসিক ২০ হাজার টাকা ভাতা বহাল রাখা হয়েছে।
এ ছাড়া আহত জুলাই যোদ্ধাদের মধ্যে ‘এ’ ক্যাটাগরিভুক্তদের জন্য মাসিক ২০ হাজার টাকা, ‘বি’ ক্যাটাগরির জন্য ১৫ হাজার টাকা এবং ‘সি’ ক্যাটাগরির জন্য ১০ হাজার টাকা ভাতা অব্যাহত রাখার প্রস্তাব রাখা হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মুক্তিযোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের জন্য বিদ্যমান সামাজিক সুরক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।
























