শিগগিরই পুরোদমে চালু হবে বাংলাদেশ-ভারত ভিসা কার্যক্রম
- আপডেট সময় ১০:০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / 85
শিগগিরই বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা সব ধরনের ভিসা কার্যক্রম পুরোদমে চালু হতে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ভারতীয় নাগরিকদের জন্য সব ক্যাটাগরির ভিসা উন্মুক্ত করেছে এবং গেল দুই মাসে ১৩ হাজারের বেশি ভিসা ইস্যু করা হয়েছে। এবার ভারতও বাংলাদেশিদের জন্য পর্যটকসহ সকল ভিসা চালু করতে চায়, যার মাধ্যমে দুদেশের সম্পর্ক ও যাতায়াত আরও স্বাভাবিক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভারতীয় হাইকমিশন সূত্রে জানা যায়, বর্তমানে চিকিৎসাসহ নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে ভিসা দেওয়া হচ্ছে এবং তা আগের চেয়ে ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। সোমবার (৪ মে) ঢাকার ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) কার্যালয়ে ভিসা প্রার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। গত এক মাস ধরেই আবেদনকারীদের এই ভিড় বাড়ছে এবং দুই বছর পর শতভাগ সচল করার উদ্দেশ্যে দেশের বিভিন্ন এলাকার ভিসা কেন্দ্রগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ নানা প্রস্তুতি চলছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিশ্লেষকদের প্রতিক্রিয়া:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ বিষয়ে বলেন, “সম্প্রতি আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন, সেখানেও ওনারা ভিসার ব্যাপারে ইতিবাচকভাবে বলেছেন। আমরা আশা করব যে, ট্যুরিস্ট ভিসাসহ সকল ভিসাই স্বাভাবিক হবে এবং দুদেশের মধ্যে যাতায়াত আবার স্বাভাবিক হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ওবায়দুল হক বিষয়টিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, “এই ভিসা প্রক্রিয়া চালু হলে দুদেশের সম্পর্কের ওপর বিরাট পজিটিভ ইমপ্যাক্ট পড়বে। এছাড়া রাজ্য ও কেন্দ্রের রাজনৈতিক সমীকরণ এই প্রক্রিয়াকে আরও সহজ করতে পারে।”

























