বিয়ের মাত্র ১০ দিন পর মৃত্যু! ২ চিরকুট নিয়ে রহস্য ঘেরা দিপুর মৃত্যু
- আপডেট সময় ১১:০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 23
গাজীপুরের শ্রীপুর উপজেলা এলাকার একটি ভাড়া বাসা থেকে আমজাদ হোসেন দিপু (যুবক) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দিপু একজন গার্মেন্টসকর্মী। প্রাথমিকভাবে বাসায় ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। মৃত্যুর আগে তিনি দুটি চিরকুট লিখে গেছেন। একটিতে লেখা—‘বিদায়টা দরকার ছিল শান্তির জন্য। পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব—এই দুনিয়াটা একটা মরীচিকা।’
দ্বিতীয় চিরকুটে তিনি লেখেন, ‘কী পেলাম এই জীবনে। না আছে পরকালের জন্য, না আছে দুনিয়াবি কাজ। ভালো থাকুক দুনিয়ার মানুষ।’
আমজাদ নোয়াখালী জেলার চর আমান উল্লাহ ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তিনি শ্রীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ১৩ ফেব্রুয়ারি পারিবারিকভাবে তার বিয়ে হয়। বিয়ের মাত্র ১০ দিনের মাথায় এ ঘটনা ঘটল। তার নববধূর হাতের মেহেদীর রং এখনো শুকায়নি বলে স্বজনরা জানান।
বন্ধু আব্দুল মালেক শাওন বলেন, আমজাদ দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন। সম্প্রতি তার আচরণে বিষণ্নতা লক্ষ্য করা গিয়েছিল। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে চরজব্বর থানা পুলিশ।























