মার্কিন হামলায় ওমান উপসাগরে বিধ্বস্ত ইরানের তেলবাহী জাহাজ
- আপডেট সময় ০৯:৪৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / 20
যুক্তরাষ্ট্রের হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পর ওমান উপসাগরে ডুবে গেছে ইরানের বড় তেলবাহী জাহাজ এম/টি কায়লো। শনিবার (৫ সেপ্টেম্বর) কায়লোসহ তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালায় মার্কিন বাহিনী।
মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড তাদের একটি যুদ্ধজাহাজে হামলা চালানোর পর পাল্টা ব্যবস্থা হিসেবে এসব ট্যাংকারে হামলা করা হয়।
হামলার পর এম/টি কায়লো ডুবে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক কমান্ড সেন্টকম। রোববার সকালে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গুরুতর ক্ষতিগ্রস্ত ট্যাংকারটি ধীরে ধীরে পানিতে তলিয়ে যাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে সেন্টকম দাবি করেছে, মার্কিন সেনাদের দক্ষতার কারণেই এম/টি কায়লো ওমান উপসাগরে ডুবে গেছে। বিবৃতিতে ট্যাংকারটিকে ইরানের নৌবাহিনীর ডুবে যাওয়া জাহাজগুলোর সঙ্গে যুক্ত হওয়ার কথাও বলা হয়েছে।
এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। এরপর প্রায় ৪০ দিন ধরে দুই পক্ষের মধ্যে সংঘাত চলে। যুদ্ধের পর যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, ইরানের নৌবাহিনী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশটির বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে।
সেন্টকমের সর্বশেষ বিবৃতিতেও একই দাবি করা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, আগে ডুবে যাওয়া ইরানের নৌযানগুলোর সঙ্গে এবার এম/টি কায়লোও যুক্ত হলো।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড তিনটি মার্কিন যুদ্ধজাহাজ এবং হরমুজ প্রণালিতে অনুমোদিত রুটের বাইরে চলাচল করা তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে বলে দাবি করেছে।
সূত্র: আল জাজিরা























