ইরান এখনও ‘সঠিক চুক্তি’তে প্রস্তুত নয়: ট্রাম্প
- আপডেট সময় ০৯:৫৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / 32
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চুক্তি করতে আগ্রহী হলেও এখনো ‘সঠিক চুক্তি’ করার জন্য প্রস্তুত নয়। এ অবস্থায় তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর পাশাপাশি সামরিক বিকল্পও খোলা রাখছে ওয়াশিংটন বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (২১ আগস্ট) দক্ষিণ ক্যারোলিনায় সফরের উদ্দেশে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, ইরান চুক্তি করতে খুবই আগ্রহী। তবে তার মতে, দেশটি এখনো ‘সঠিক চুক্তি’ করার জন্য প্রস্তুত হয়নি।
এর আগে বুধবার ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক ডি-ডে’ ঘোষণা করেন ট্রাম্প। তেহরানকে সমর্থনকারী দেশ ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ এবং গুরুতর অর্থনৈতিক পরিণতির হুঁশিয়ারি দেন তিনি।
প্রায় ছয় মাস ধরে চলা যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের আগে থেকেই চাপে থাকা অর্থনীতির ওপর নতুন করে অর্থনৈতিক চাপ কী প্রভাব ফেলে, তা ওয়াশিংটন পর্যবেক্ষণ করতে চায় বলে জানান ট্রাম্প। ইরানের অভ্যন্তরীণ অর্থনৈতিক ও সামরিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, সংঘাত অব্যাহত থাকায় দেশটি বড় ধরনের আর্থিক ও সামরিক চাপের মধ্যে রয়েছে।
ট্রাম্প দাবি করেন, ইরানের হাতে অর্থ নেই, নৌবাহিনী ও বিমানবাহিনী নেই এবং দেশটি সেনা ও পুলিশ সদস্যদের বেতন দিতে পারছে না। একই সঙ্গে দেশটিতে মূল্যস্ফীতি ৩৫০ শতাংশে পৌঁছেছে বলেও দাবি করেন তিনি।
এদিকে হরমুজ প্রণালিকে ঘিরে থাকা অঞ্চলের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, এর মধ্যে কৌশলগত এই জলপথের পাশাপাশি দক্ষিণ ইরানের কাছাকাছি স্থল এলাকাও রয়েছে।
ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির সঙ্গে সংশ্লিষ্ট পুরো অঞ্চলের ওপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং এর অর্থ ওই এলাকার ভেতরের স্থলভাগের ওপরও নিয়ন্ত্রণ রয়েছে।

























