কানাডার ওপর ৫০% শুল্ক স্থগিত যুক্তরাষ্ট্রের
- আপডেট সময় ০৩:০১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / 24
কানাডার পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক কার্যকর পিছিয়ে দেওয়ার ঘোষণা দেন। পরে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, আগামী ২২ আগস্ট পর্যন্ত শুল্ক স্থগিত রাখতে সম্মত হয়েছে মার্কিন প্রশাসন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ট্রাম্প ও কার্নির মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার পর শুল্ক স্থগিতের সিদ্ধান্ত আসে। ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, প্রয়োজনীয় নথি চূড়ান্ত করার শর্তে তিন দিনের জন্য শুল্ক কার্যকর স্থগিত রাখা হয়েছে।
এই শুল্ক কার্যকর হলে ইলেকট্রনিক পণ্য, শিল্প যন্ত্রপাতি, আসবাবপত্র, দুগ্ধজাত পণ্য ও ওয়াইনসহ কানাডার প্রায় ২০ দশমিক ২ বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতির মুখে পড়ত।
দুই দেশের পক্ষ থেকে চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, বিষয়টি কিলেস্টোন এক্সএল পাইপলাইন পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত। অ্যালবার্টা থেকে নেব্রাস্কা পর্যন্ত প্রতিদিন ৮ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনের সক্ষমতা থাকা এই প্রকল্পের অনুমতি ২০২১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাতিল করেছিলেন।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে গুরুত্বপূর্ণ কিছু কাজ এখনো বাকি রয়েছে। একই সঙ্গে কানাডা নিজেদের অর্থনীতিকে আরও স্বাধীন ও প্রতিযোগিতামূলক করার দিকে গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
কানাডার মোট রপ্তানির প্রায় ৭০ শতাংশই যুক্তরাষ্ট্রের বাজারে যায়। ফলে শুল্ক স্থগিতের সিদ্ধান্ত দেশটির জন্য সাময়িক স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।
ইউনাইটেড স্টেটস-মেক্সিকো-কানাডা এগ্রিমেন্টের (ইউএসএমসিএ) আওতায় এত দিন দুই দেশের অধিকাংশ পণ্য বাণিজ্য শুল্কমুক্ত ছিল। তবে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক শুল্ক আরোপের সিদ্ধান্ত সেই বাণিজ্যব্যবস্থাকে নতুন করে চাপে ফেলেছিল।
























