প্রথমবার বাংলাদেশ সফরে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
- আপডেট সময় ১১:৩২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 17
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার অংশ হিসেবে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে তিনি সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
সফরসূচি অনুযায়ী, সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শনের কথা রয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, এই সফরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের বিভিন্ন দিক গুরুত্ব পাবে। বিশেষ করে সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে বলে তারা মনে করছেন।
কূটনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর জুনে প্রধানমন্ত্রীর চীন সফর, একই মাসে পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের পর বাংলাদেশের কৌশলগত অবস্থান আন্তর্জাতিক পরিসরে নতুন করে আলোচনায় এসেছে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে আরও বিস্তারিত ধারণা নিতে চায় ওয়াশিংটন।
সূত্রগুলো আরও জানিয়েছে, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্বের পাশাপাশি সার্জিও গোর ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। ফলে বাংলাদেশ-ভারত সম্পর্ক, বিশেষ করে নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে ঢাকার সম্পর্কের অগ্রগতি নিয়েও তিনি আলোচনা করতে পারেন। একই সঙ্গে চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পৃক্ততা এবং রাশিয়া ও তুরস্কের সঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ সম্পর্কেও যুক্তরাষ্ট্রের আগ্রহ থাকতে পারে বলে কূটনৈতিক মহলের ধারণা।
এর আগে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর মার্চে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেন।
সম্প্রতি ফিলিপাইনের ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সার্জিও গোরও উপস্থিত ছিলেন। সেখানে দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা করে।
সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ভারতের রাষ্ট্রদূত ও দক্ষিণ-মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্ব নেওয়ার আগে তিনি হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পার্সোনেল অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
























