৭৫ ইউনিট পর্যন্ত আগের মূল্যেই বিদ্যুৎ : ডা. জাহেদ
- আপডেট সময় ০২:২৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / 18
শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য বিদ্যুতের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তার ভাষ্য অনুযায়ী, এ সিদ্ধান্তে দেশের নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির গ্রাহকরা সরাসরি উপকৃত হবেন।
শনিবার (৬ জুন) সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) শুনানির মাধ্যমে বিদ্যুতের নতুন মূল্যহার নির্ধারণ করলেও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে কোনো মূল্য বৃদ্ধি কার্যকর হবে না। তিনি জানান, এর ফলে দেশের প্রায় ৬৫ শতাংশ গ্রাহক আগের মূল্যহারেই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন।
তিনি আরও বলেন, বিদ্যুতের মূল্য কাঠামো নির্ধারণের ক্ষেত্রে নিম্ন আয়ের মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।
একই সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে পূর্ববর্তী সরকারের সময়কার দুর্নীতি, অর্থপাচার ও অনিয়মের প্রভাব বর্তমান সরকারকে মোকাবিলা করতে হচ্ছে।
মন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতির চক্র থেকে দেশকে বের করে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তার দাবি, অতীতে উৎপাদনমুখী নীতির পরিবর্তে আমদানিনির্ভর নীতিকে বেশি গুরুত্ব দেওয়ায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ খাতের বিভিন্ন বিষয় নিয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয় এবং নতুন মূল্যহার বাস্তবায়নের প্রভাব সম্পর্কেও আলোচনা করা হয়।
























