বন্দরের এনসিটিতে মে মাসে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং, ভাঙল আগের সব রেকর্ড
- আপডেট সময় ০২:৫৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / 78
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সবচেয়ে বড় কনটেইনার পরিচালনাকারী টার্মিনাল নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) গত মে মাসে পরিচালনার ইতিহাসে সর্বোচ্চ মাসিক কনটেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড গড়েছে।
সদ্য সমাপ্ত মে মাসে টার্মিনালটিতে ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউস (২০ ফুট দৈর্ঘ্যের একক) কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা এনসিটির ইতিহাসে একক মাসে সর্বোচ্চ পরিমাণ। এর আগে ২০২৫ সালের অক্টোবরে এই টার্মিনালে একক মাসে সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার ৫৩৩ টিইইউস কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ডটি হয়েছিল।
বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের পরিচালনা বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড (সিডিডিএল) বর্তমানে এনসিটি পরিচালনা করছে।
গত মে মাসে হ্যান্ডলিং হওয়া মোট কন্টেইনারের মধ্যে আমদানি পণ্যবাহী কন্টেইনার ছিল ৫৯ হাজার ৮৫১ টিইইউস এবং রপ্তানি পণ্যবাহী কন্টেইনার ছিল ৬৬ হাজার ৬৪৫ টিইইউস। সব মিলিয়ে মাসজুড়ে মোট ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে, যা হিসাব অনুযায়ী দৈনিক গড়ে ৪ হাজার ৮১ টিইইউস।
চট্টগ্রাম বন্দরের চিফ পারসোনেল অফিসার মো. নাসির উদ্দিন এই বিষয়ে জানান, ২০২৫ সালের ৭ জুলাই এনসিটির অপারেটর হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে সিডিডিএল টার্মিনালটির সার্বিক কার্যক্রমে উল্লেখযোগ্য গতি এনেছে।
তিনি উল্লেখ করেন, জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, অ্যাপ্রাইজ পয়েন্ট, সিএন্ডএফ শেড এবং বিভিন্ন প্রবেশ ও বহির্গমন গেটে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সমন্বিত ও নিরলস তৎপরতার কারণে কনটেইনার খালাস ও লোডিং কার্যক্রম আগের চেয়ে আরও অনেক বেশি দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
বর্তমানে চট্টগ্রাম বন্দরে মূলত তিনটি প্রধান টার্মিনালের মাধ্যমে বাণিজ্যিক ও পরিচালন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে নিউ মুরিং কনটেইনার টার্মিনাল তথা এনসিটি প্রধান কনটেইনার টার্মিনাল হিসেবে কাজ করছে। এছাড়া চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) এবং জেনারেল কার্গো বার্থেও (জিসিবি) নিয়মিতভাবে কনটেইনারবাহী বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ পরিচালিত হয়ে থাকে বলে বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।


























