সাভার-আশুলিয়া ও গাজীপুরে বন্ধ ২৭৭ কারখানা
- আপডেট সময় ০৯:৫৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 25
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন, সড়ক অবরোধ ও সহিংসতার জেরে সাভার, আশুলিয়া ও গাজীপুরের অন্তত ২৭৭টি পোশাক কারখানায় রোববারের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সময়ে রাজধানীর মিরপুরেও শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, যানবাহনে অগ্নিসংযোগ ও মেট্রোরেল স্টেশন বন্ধের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২৮ জনকে আটক করেছে পুলিশ।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং কারখানার নিরাপত্তা বিবেচনায় কর্তৃপক্ষ কাজ বন্ধ রেখে ছুটি ঘোষণা করে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মুমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের আন্দোলন ও অসন্তোষের মুখে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ১৭৭টি তৈরি পোশাক কারখানা রোববারের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিকেলের দিকে কয়েকটি কারখানার শ্রমিক একজোট হয়ে হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
গাজীপুরে শতাধিক কারখানায় ছুটি, আগুন
শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, গাজীপুর শিল্পাঞ্চলে রোববার শতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
দুপুরের দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের মধ্যে একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ছাড়া পুলিশের একটি গাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।
মিরপুরে সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ
রাজধানীর মিরপুরে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সকাল থেকে বিক্ষোভ করেন শ্রমিকেরা। মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে শুরু হওয়া আন্দোলন মিরপুর-১১, ১২ ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ অবরোধ সরাতে গেলে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত সংঘর্ষ চলে। এতে মিরপুরের প্রধান সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ।
পরিস্থিতির কারণে নিরাপত্তার স্বার্থে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখে এমআরটি কর্তৃপক্ষ।
পরে ডিবির সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সহিংসতায় উসকানি ও নাশকতার অভিযোগে এ সময় ২৮ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

















