আফগানিস্তানে ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে পাকিস্তানের বিমান হামলা
- আপডেট সময় ০৪:৩০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 23
পাকিস্তান আবারও আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে আফগানিস্তানের খোস্ত প্রদেশের অন্তত ১০টি এলাকায় হামলা চালানো হয়।
পাকিস্তানের দাবি, এসব এলাকায় ড্রোন মজুত করা হচ্ছিল। তবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, বুধবার আফগানিস্তান থেকে পাকিস্তানের দিকে কয়েকটি ড্রোন পাঠানো হয়েছিল। লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই সেগুলো ধ্বংস করা হয়। এর জবাব হিসেবেই আফগানিস্তানের ১০টি এলাকায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
খোস্তের প্রাদেশিক প্রশাসনের মুখপাত্র মুস্তাগফির গুরবাজও পাকিস্তানি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
এর আগে গত রোববার রাতে আফগানিস্তানের কুনার ও পাকতিকা প্রদেশেও পাকিস্তান হামলা চালায়। ওই ঘটনায় অন্তত তিন আফগান নাগরিক নিহত হন।
দুই দেশের উত্তেজনার পেছনে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তানি তালিবানকে ঘিরে বিরোধও রয়েছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের তালিবান সরকার এই গোষ্ঠীকে সহযোগিতা করছে। তবে কাবুল এ অভিযোগ অস্বীকার করে আসছে।
সম্প্রতি উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি থানায় বিদ্রোহীদের হামলায় অন্তত ১৬ জন নিহত হওয়ার পর দুই দেশের উত্তেজনা আরও বেড়েছে। এর মধ্যেই চলতি সপ্তাহে আফগানিস্তানে দ্বিতীয়বারের মতো হামলা চালাল পাকিস্তানি বাহিনী।























