ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়বে অস্বস্তি
- আপডেট সময় ০৯:৪৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / 24
রাজধানী ঢাকায় বুধবার (১২ আগস্ট) বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়তে পারে। দিনের শুরুতে আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনের বেশির ভাগ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।
বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি ও অস্বস্তি বাড়তে পারে।
বুধবার ভোরে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। এর আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে সূর্যাস্ত হবে এবং বৃহস্পতিবার ভোর ৫টা ৩৩ মিনিটে সূর্যোদয় হবে।
এদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বুধবার দুপুর ১টা পর্যন্ত কোনো সতর্কসংকেত জারি করেনি আবহাওয়া অধিদপ্তর। ফলে ওই সময় নদীবন্দরগুলোকে কোনো সতর্কসংকেত দেখাতে হবে না।
তবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রার পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।
























