রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ
- আপডেট সময় ০৭:০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / 26
নাটোর ও রাজশাহী বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। নাটোরের ওপর দিয়ে রাজশাহীর মালিকানাধীন কোনো বাস চলতে না দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এই অচলাবস্থা তৈরি হয়েছে। এতে করে ঢাকা ও রাজশাহীসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, নাটোর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের মালিকানাধীন ‘আন্দান পরিবহন’ নামের একটি বাস কোনো নিয়ম বা চেইন না মেনে যখন-তখন রংপুর-রাজশাহী রুটে চলাচল করছে। এই একটি বাসকে কেন্দ্র করেই দুই জেলার মালিক ও শ্রমিকদের মধ্যে বিরোধের সূত্রপাত।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি সংবাদ মাধ্যমকে জানান, “সকালে রাজশাহী থেকে ঢাকাগামী বাসগুলো নাটোরে আটকে দেওয়া হয়েছে এবং সেখানকার কাউন্টারগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বাধ্য হয়েই রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো বাস ছাড়া হচ্ছে না।” তিনি আরও অভিযোগ করেন, নাটোর থেকে রাজশাহীর কোনো বাস ছাড়তে দেওয়া হচ্ছে না।
অন্যদিকে, নাটোর জেলা বাস মালিক সমিতির সভাপতি প্রশান্ত কুমার পোদ্দার লক্ষ্মণ পাল্টা অভিযোগ করে বলেন, “আমরা কোনো বাস আটকাইনি। বরং সকালেই রাজশাহীতে আমাদের সাত-আটটি বাস আটকে দেওয়া হয়েছে। এরপর তারাই গাড়ি চালানো বন্ধ করে দিয়েছে।”
আজ বিকেলে রাজশাহী নগরের শিরোইল ও ভদ্রা মোড় এলাকায় গিয়ে দেখা যায়, শত শত যাত্রী ব্যাগ-লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছেন। ঢাকাগামী কোনো বাস না পেয়ে অনেকে ছোট ছোট যানবাহনে বা বিকল্প উপায়ে অন্তত নাটোর পর্যন্ত যাওয়ার চেষ্টা করছেন। আকস্মিক এই ধর্মঘটে নারী, শিশু ও রোগীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, দুই জেলার মালিক ও শ্রমিক নেতাদের সাথে আলোচনার মাধ্যমে দ্রুত এই সংকট নিরসনের চেষ্টা চলছে। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললেও এখন পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি।*






















