অনুসারীর সংখ্যায় খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম, বলছে পিউর গবেষণা
- আপডেট সময় ০৩:৪৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 38
২০৩৫ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি অনুসারীর ধর্ম হিসেবে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। গবেষণায় বলা হয়েছে, আগামী কয়েক দশকে ইসলাম ও খ্রিষ্টধর্ম—উভয় ধর্মের অনুসারীর সংখ্যা বাড়লেও মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলক বেশি হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত গবেষণা প্রতিবেদনে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের ধর্মীয় জনসংখ্যার সম্ভাব্য পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে। বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের তথ্যের ভিত্তিতে তৈরি এ গবেষণায় মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ অন্তর্ভুক্ত হয়েছে। এতে মুসলিম, খ্রিষ্টান, ইহুদি, হিন্দু ও বৌদ্ধসহ সাতটি ধর্মীয় গোষ্ঠী এবং ধর্মীয় পরিচয়ের পরিবর্তন পর্যালোচনা করা হয়েছে।
পিউ-টেম্পলটন গ্লোবাল রিলিজিয়াস ফিউচারস প্রকল্পের অংশ হিসেবে গবেষণাটি পরিচালিত হয়েছে। বিশ্বজুড়ে ধর্মীয় জনসংখ্যার পরিবর্তন এবং এর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করাই এ প্রকল্পের উদ্দেশ্য।
তবে গবেষণার ফলাফলকে ভবিষ্যতের নিশ্চিত চিত্র হিসেবে বিবেচনা না করার বিষয়ে সতর্ক করেছে পিউ। সংস্থাটির মতে, আর্থসামাজিক পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধসহ বিভিন্ন ঘটনা মানুষের ধর্মীয় পরিচয় এবং জনসংখ্যার পরিবর্তনে প্রভাব ফেলতে পারে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ নারীদের সন্তান জন্মদানের হার। অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর তুলনায় মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার বেশি।
পিউর হিসাবে, একজন মুসলিম নারী গড়ে ৩ দশমিক ১টি সন্তান জন্ম দেন। অন্যদিকে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার গড়ে ২ দশমিক ৫টি। সাধারণত কোনো জনগোষ্ঠীর জনসংখ্যা আগের প্রজন্মের সমান রাখতে নারীপ্রতি প্রায় ২ দশমিক ১টি সন্তান জন্মদানের হার প্রয়োজন হয়।
গবেষণা অনুযায়ী, স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির ধারায় ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ১৬০ কোটি বাড়তে পারে। একই সময়ে খ্রিষ্টান জনগোষ্ঠীতে যুক্ত হতে পারে ৭৯ কোটি ২০ লাখ মানুষ।
পিউ বলছে, বিশ্বের সামগ্রিক জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে উভয় ধর্মের অনুসারীর সংখ্যা বাড়লেও মুসলিম জনসংখ্যা বৃদ্ধির গতি থাকবে বেশি।
ধর্মান্তরের প্রভাব
জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি ধর্মত্যাগ ও ধর্মান্তরের বিষয়টিও গবেষণায় বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, ধর্মীয় পরিচয় পরিবর্তনের কারণে মুসলিম জনগোষ্ঠীর তুলনায় খ্রিষ্টান জনগোষ্ঠীর জনসংখ্যায় বেশি নেতিবাচক প্রভাব পড়তে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বাভাসের সময়কালে ইসলাম গ্রহণকারীর তুলনায় ইসলাম ত্যাগকারীর সংখ্যা বেশি হওয়ায় মুসলিম জনগোষ্ঠীর নিট ক্ষতি হতে পারে ৮০ লাখ। অন্যদিকে খ্রিষ্টধর্মের ক্ষেত্রে এ ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ১০ কোটি ৫০ লাখে।
খ্রিষ্টধর্ম ত্যাগকারীদের অনেকে পরবর্তী সময়ে নিজেদের কোনো ধর্মের অনুসারী হিসেবে পরিচয় দেবেন না। এদের মধ্যে নাস্তিক ও অজ্ঞেয়বাদীরাও রয়েছেন।
তবে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে খ্রিষ্টানদের ইসলাম গ্রহণকে প্রধান কারণ হিসেবে দেখছে না গবেষণা সংস্থাটি। পিউর হিসাবে, ইসলাম থেকে খ্রিষ্টধর্ম গ্রহণকারীর সংখ্যা খ্রিষ্টধর্ম থেকে ইসলাম গ্রহণকারীর তুলনায় সামান্য বেশি হতে পারে।
কোন দেশগুলোতে বাড়বে মুসলিম জনসংখ্যা
পিউর পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যার অধিকাংশ বৃদ্ধি ঘটবে বর্তমানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ও অঞ্চলগুলোতে।
২০২০ সালে বিশ্বের ৫৩টি দেশে মুসলিমরা ছিলেন সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় গোষ্ঠী। ২০৭০ সাল নাগাদ এসব দেশে আরও ১২০ কোটি মুসলিম বসবাস করতে পারেন। বিশ্বে মুসলিম জনসংখ্যার সম্ভাব্য মোট বৃদ্ধির ৭৪ শতাংশ আসবে এসব দেশ থেকে।
গবেষণায় পাকিস্তানের উদাহরণ তুলে ধরে বলা হয়েছে, দেশটিতে মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। এমনটি হলে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে পাকিস্তান।
এ ছাড়া ২০৭০ সাল নাগাদ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের মোট জনসংখ্যার ৯৫ শতাংশ মুসলিম হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। একই সময়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুসলিমরা ধর্মীয় পরিচয়হীন জনগোষ্ঠীকে ছাড়িয়ে যেতে পারেন।
অন্যদিকে খ্রিষ্টান জনসংখ্যার বৃদ্ধিও মূলত বর্তমানে খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ ১২০টি দেশে কেন্দ্রীভূত থাকবে। এসব দেশে খ্রিষ্টান জনসংখ্যা ৬৩ কোটি বাড়তে পারে, যা বিশ্বজুড়ে খ্রিষ্টান জনগোষ্ঠীর সম্ভাব্য মোট বৃদ্ধির ৯২ শতাংশ।
সূত্র: আল জাজিরা, পিউ রিসার্চ সেন্টার।






















