জয় বাংলা স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে আগুন, আতঙ্কের সৃষ্টি
- আপডেট সময় ০৩:৫৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 34
ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে অগ্নিসংযোগ ও পিকেটিংয়ের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এর ফলে বেশ কিছুক্ষণ সময় উক্ত মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর একদল অজ্ঞাত ব্যক্তি আচমকা মহাসড়কের গাড়ীদহ অংশে জড়ো হয়ে জয় বাংলা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা একটি ভ্যানের ওপর চট ও বস্তায় আগুন ধরিয়ে দিয়ে সটকে পড়েন। হঠাৎ এই অগ্নিসংযোগ ও পিকেটিংয়ের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই জড়িতরা ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে আগুনের সংবাদ পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভ্যানের ওপর থাকা বস্তা ও চটের আগুন নিভিয়ে ফেলেন।
তবে এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, মহাসড়কে পুলিশের নিয়মিত টহল জোরদার রয়েছে। তবে গাড়ীদহ এলাকায় পিকেটিং বা অগ্নিসংযোগের বিষয়ে পুলিশ এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য কিংবা অভিযোগ পায়নি।






















