ফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেফতার ৪৪৮
- আপডেট সময় ১২:১৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / 24
বেতন বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও ধর্মঘটে অংশ নিয়েছেন কয়েক লাখ মানুষ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫৩ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ৪৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি অগ্নিসংযোগের ৮৬টি ঘটনা ঘটেছে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব তথ্য পাওয়া গেছে। দেশজুড়ে অধিকাংশ অনুমোদিত বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও প্যারিস, লিওঁ, রেন ও তুলুজ শহরে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশব্যাপী বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ৫ লাখ ৭৫ হাজার মানুষ। এর মধ্যে রাজধানী প্যারিসে সমবেত হন ৬৫ হাজার। এর আগে প্রাথমিক হিসাবে বিক্ষোভকারীর সংখ্যা প্রায় ৬ লাখ বলে জানানো হয়েছিল।
তবে শ্রমিক সংগঠন সিজিটি দাবি করেছে, দেশজুড়ে বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ১৬ লাখ মানুষ। সংগঠনটির হিসাব অনুযায়ী, শুধু প্যারিসেই বিক্ষোভকারীর সংখ্যা ছিল ৩ লাখ ৫০ হাজার।
সিজিটির মহাসচিব সোফি বেনে ধর্মঘটকে ‘অত্যন্ত কার্যকর’ বলে উল্লেখ করেছেন। তিনি সরকারের প্রতি শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
প্যারিসের বিক্ষোভে বক্তব্য দেওয়ার সময় সোফি বেনে বলেন, ‘কিছুই আমাদের থামাতে পারবে না।’ এ সময় তিনি সব শ্রমিকের বেতন বৃদ্ধি এবং ন্যূনতম মজুরি ১০ শতাংশ বাড়ানোর দাবি জানান।
বিক্ষোভের পরিস্থিতি সামাল দিতে শ্রমিক সংগঠন ও নিয়োগকর্তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, আগামী সোমবার মাতিনিয়ঁতে এ ‘সামাজিক সম্মেলন’ অনুষ্ঠিত হবে।
দেশজুড়ে ধর্মঘটের প্রভাব পড়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতেও। উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফ্রান্সের ১৮৪টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৬০টিতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে।
অন্যদিকে, শিক্ষক সংগঠন এসএনইএস-এফএসইউ দাবি করেছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ৫২ শতাংশ কর্মী ধর্মঘটে অংশ নিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্যারিস ও বোর্দোসহ কয়েকটি শহরে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি সরাতে পুলিশ অভিযান চালিয়েছে।
গত সেপ্টেম্বরের মাঝামাঝি ফ্রান্সে শিক্ষার্থীদের একটি আন্দোলন শুরু হয়। শিক্ষার পরিবেশ, অর্থায়ন এবং শিক্ষক-কর্মচারীর সংকটের প্রতিবাদে শুরু হওয়া ওই আন্দোলনের মধ্যেই এবার বেতন বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে নতুন করে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
তথ্যসূত্র: আনাদোলু।






















