তাহসিফ হত্যা মামলায় দিশার ফের ৩ দিনের রিমান্ড
- আপডেট সময় ০৫:৩২:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 27
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনীম দিশার (১৯) আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত এ আদেশ দেন।
এর আগে চার দিনের রিমান্ড শেষে দিশাকে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তার আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।
রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর রাতে নিহত তাহসিফের সঙ্গে উত্তরার ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ গিয়েছিলেন দিশা। ঘটনার আগে তারা একাধিকবার ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকস’-এও গিয়েছিলেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া মামলার অপর রিমান্ডে থাকা আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) সঙ্গে একটি মোটরসাইকেল গ্যারেজে দিশাকে একসঙ্গে দেখা গেছে বলে দাবি তদন্তকারীদের। তাহসিফের সঙ্গে রেস্টুরেন্টে অবস্থান এবং মোটরসাইকেলে বিভিন্ন স্থানে ঘোরাঘুরির তথ্যও রিমান্ড আবেদনে তুলে ধরা হয়।
তদন্তকারী কর্মকর্তা জানান, নিহত তাহসিফের মোবাইল ফোনের কললিস্ট (সিডিআর) পর্যালোচনায় ঘটনার আগে দিশার সঙ্গে একাধিকবার ফোনে কথা বলার তথ্য পাওয়া গেছে।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, প্রাথমিক তদন্তে তাহসিফ হত্যাকাণ্ডে দিশার সংশ্লিষ্টতার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। হত্যার রহস্য উদ্ঘাটন, অজ্ঞাত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, হত্যাকাণ্ডের স্থান নির্ধারণ এবং আলামত উদ্ধারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
এ ছাড়া অপর আসামি দীপের দেওয়া তথ্যের সঙ্গে দিশার বক্তব্য মিলিয়ে দেখতে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।























