এক ঘণ্টা পর চালু মিরপুর-১০ ও ১১ মেট্রো স্টেশন
- আপডেট সময় ০২:৫৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 22
শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে নিরাপত্তার কারণে বন্ধ রাখা মিরপুর-১০ ও মিরপুর-১১ মেট্রো স্টেশনে প্রায় এক ঘণ্টা পর আবার ট্রেন থামতে শুরু করেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে স্টেশন দুটিতে ট্রেনের যাত্রাবিরতি পুনরায় চালু হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, সকাল ১১টা ৫০ মিনিটে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের পর নিরাপত্তার স্বার্থে স্টেশন দুটিতে ট্রেন থামানো বন্ধ রাখা হয়। একই সঙ্গে স্টেশনগুলোর সব প্রবেশ ও বহির্গমন গেট বন্ধ করে দেওয়া হয়। এ সময় ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও স্টেশন দুটিতে যাত্রী ওঠানামা বন্ধ ছিল।
মঙ্গলবার বেতন বৃদ্ধির দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলনে নামেন পোশাকশ্রমিকেরা। একপর্যায়ে তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। আন্দোলনকারীরা মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে পড়ে থাকা কাঠ ও বাঁশে আগুন ধরিয়ে দেন। এতে নিচের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সকাল সাড়ে ১১টার দিকে সংঘর্ষ থামার পরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্টেশন দুটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএমটিসিএল সূত্র জানায়, মেট্রোরেল পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার কারণে স্টেশন দুটি বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে আবার ট্রেন থামানো শুরু হয়।
এর আগে গত রোববারও নিরাপত্তাজনিত কারণে কাজীপাড়া, মিরপুর-১০ ও পল্লবী মেট্রো স্টেশন দুই ঘণ্টার বেশি সময় বন্ধ রাখা হয়েছিল।
ডিএমটিসিএলের ভাষায়, এ ধরনের ব্যবস্থাকে স্টেশন ‘স্কিপ’ করা বলা হয়। অর্থাৎ মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকে, তবে নির্দিষ্ট স্টেশনে ট্রেন থামে না এবং যাত্রী ওঠানামা বন্ধ থাকে।





















