হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রজুড়ে গুলিতে নিহত ২৪
- আপডেট সময় ১০:১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 26
যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন অঙ্গরাজ্যে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় অন্তত ২৪ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছেন। ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়্যার পর্যন্ত নাইট ক্লাব, পোশাকের দোকান, স্টেডিয়ামের বাইরে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে এসব সহিংসতার ঘটনা ঘটে।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার (৩১ অক্টোবর) রাতে শুরু হওয়া হামলাগুলো পরদিন রোববার (১ নভেম্বর) সকাল পর্যন্ত অব্যাহত ছিল। উৎসবকে ঘিরে মানুষের ব্যাপক সমাগম, মদ্যপান, মাদকের ব্যবহার ও আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অপরাধবিজ্ঞানীদের মতে, হ্যালোইন যুক্তরাষ্ট্রে সহিংসতার ঝুঁকি বেশি থাকা দিনগুলোর একটি। নর্থইস্টার্ন ইউনিভার্সিটির অপরাধবিজ্ঞানী জেমস অ্যালান ফক্স এফবিআইয়ের ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত বোস্টনের অপরাধসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেন। ওই বিশ্লেষণে দেখা যায়, বছরের সবচেয়ে সহিংস দিনগুলোর মধ্যে ৩১ অক্টোবরের অবস্থান তৃতীয়। এর আগে রয়েছে ৪ জুলাই ও ১ জানুয়ারি।
ফক্সের মতে, শিশু-কিশোরদের জন্য হ্যালোইন বছরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দিনগুলোর একটি। এ রাতে অপ্রাপ্তবয়স্করা বাইরে বের হয় এবং অপরিচিত মানুষের সঙ্গে মেলামেশা করে। এতে তাদের বিপদের মুখে পড়ার আশঙ্কা বাড়ে।
ডেট্রয়েটে হ্যালোইন উদ্যাপন শেষে বাড়ি ফেরার পর পাঁচ বছর বয়সী এক শিশু বাড়ির পেছনের কক্ষে খেলছিল। এ সময় সে গুলিবিদ্ধ হয়। ডেট্রয়েট পুলিশ বিভাগের উপপ্রধান আর্নল্ড উইলিয়ামস জানান, গুলিবিদ্ধ হওয়ার পর শিশুটি তার মাকে বলেছিল, ‘আমার মনে হয়, আমাকে গুলি করা হয়েছে।’ বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং সে আশঙ্কামুক্ত।
ফ্লোরিডার জ্যাকসনভিলে দুটি পৃথক বন্দুক হামলায় ১৩ জন গুলিবিদ্ধ হন। এর মধ্যে দুজন নিহত হয়েছেন। স্থানীয় সময় ১ নভেম্বর রাত ১টা ৪০ মিনিটের দিকে হ্যালোইন পার্টিতে প্রবেশের অপেক্ষায় থাকা ১৭ বছর বয়সী এক কিশোরী গুলিতে নিহত হয়। এ ঘটনায় আহত আরও দুজনকে অনিচ্ছাকৃত হামলার শিকার বলে জানিয়েছে পুলিশ।
এর কিছুক্ষণ পর রাত ৩টা ৪৫ মিনিটে শহরের অন্য একটি এলাকায় শতাধিক মানুষের অংশগ্রহণে আয়োজিত বাড়ির পার্টি রাস্তায় ছড়িয়ে পড়ে। সেখানে গুলিবর্ষণের ঘটনায় ১০ জন গুলিবিদ্ধ হন। নিহত হন ২০ বছর বয়সী এক তরুণ।
আহত ১৫ বছর বয়সী এক কিশোরীর অবস্থা স্থিতিশীল থাকলেও আরেকজনের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
মিসিসিপির জ্যাকসন শহরের একটি নাইট ক্লাবে বন্দুক হামলায় দুজন নিহত এবং চারজন আহত হন। উত্তর ক্যালিফোর্নিয়ার একটি পোশাকের দোকানে বন্দুকধারীর হামলায় চার সন্তানের অন্তঃসত্ত্বা এক মা নিহত হন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই কিশোরের অবস্থা আশঙ্কাজনক।
ওকলাহোমা সিটির একটি ট্রেলার পার্কে হ্যালোইন পার্টিকে কেন্দ্র করে গোলযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একজনের পায়ে একাধিক গুলি লাগে। তবে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া ঘটনাস্থলে গাড়ির ধাক্কায় দুজন নিহত হন। তবে তাদের মৃত্যুর কারণ সম্পর্কে তখনো বিস্তারিত নিশ্চিত হতে পারেনি পুলিশ।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশেও গুলিবর্ষণ
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানের আশপাশে দুই ডজনের বেশি মানুষ গুলিবিদ্ধ হয়েছেন।
আলাবামার বার্মিংহামে লিজিয়ন ফিল্ডের বাইরে বন্দুক হামলায় একজন নিহত এবং আটজন আহত হন। ওই দিন মাঠটিতে আলাবামা এঅ্যান্ডএম ইউনিভার্সিটি ও আলাবামা স্টেট ইউনিভার্সিটির মধ্যে ঐতিহ্যবাহী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।
ইলিনয় অঙ্গরাজ্যের ব্লুমিংটনে ইলিনয় ওয়েসলিয়ান ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে গুলিবিদ্ধ আটজনকে উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলেই ১৯ বছর বয়সী এক তরুণীকে মৃত ঘোষণা করা হয়। আহত সাতজনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন।
একই সময়ে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ব্লুমিংটনে ইন্ডিয়ানা ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে বড় জনসমাগমের মধ্যে গুলির শব্দ শুনতে পান পুলিশ সদস্যরা। হ্যালোইনের পাশাপাশি সেখানে বিশ্ববিদ্যালয়ের হোমকামিং উৎসবও চলছিল।
পরে শহরের কেন্দ্রীয় এলাকায় গুলিবিদ্ধ কয়েকজনকে পাওয়া যায়। এ ঘটনায় সাতজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। পালিয়ে যাওয়ার সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহনকারী এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তবে তিনি গুলি চালিয়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
নিরাপত্তা নিশ্চিত করা কঠিন বলছেন বিশেষজ্ঞরা
হ্যালোইনসহ বিভিন্ন উৎসবের সময় সহিংসতা প্রতিরোধ করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অপরাধ ও বন্দুক সহিংসতা বিশেষজ্ঞরা।
মিয়ামি বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞানী এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ব্যুরো অব জাস্টিস স্ট্যাটিস্টিকসের সাবেক পরিচালক অ্যালেক্সিস পিকেরো বলেন, প্রতিটি পানশালা কিংবা পার্কিং এলাকায় পুলিশের উপস্থিতি নিশ্চিত করা সম্ভব নয়। ফলে উৎসবের সময় সব জায়গায় নিরাপত্তা বজায় রাখা কঠিন হয়ে পড়ে।
ডালাসে ৭৫ মিনিটে তিন বন্দুক হামলা
টেক্সাসের ডালাস শহরের ডিপ এলাম এলাকায় ১ নভেম্বর ভোরে মাত্র ৭৫ মিনিটের মধ্যে তিনটি পৃথক বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে অন্তত চারজন নিহত এবং ১৫ জন আহত হন।
হামলাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হয়েছিল।
ডালাস পুলিশের প্রধান ড্যানিয়েল কোমো বলেন, শনিবার রাত ও হ্যালোইন উৎসবের বিষয়টি বিবেচনায় নিয়ে আগেই পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ডিপ এলাম এলাকার রাস্তায় মানুষের ছোটাছুটি করতে দেখা যায়। বার, রেস্তোরাঁ ও কনসার্টের আয়োজনের জন্য পরিচিত এলাকাটিতে সাম্প্রতিক সময়ে অপরাধ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছিল। ২০২৬ সালে সেখানে অন্তত সাতটি বার ও রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে।
১ নভেম্বর সকাল নাগাদ পুলিশের ঘিরে রাখা এলাকাগুলোর রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়ে। চারপাশে ছড়িয়ে ছিল উৎসবের পরিত্যক্ত আবর্জনা। পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডালাস পুলিশের প্রধান বলেন, ‘এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’





















