রূপসায় নদী থেকে দুই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- আপডেট সময় ০৫:১৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 26
খুলনার রূপসা উপজেলার একটি নদীর ঘাটে দুই ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে সিংহেরচর এলাকার আলম মেম্বারের নদীর ঘাটে মরদেহ দুটি পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে বিষয়টি অবহিত করেন।
সংবাদ পেয়ে রূপসা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ মরদেহ দুটির পরিচয় শনাক্ত এবং সেগুলো কীভাবে সেখানে এসেছে, তা জানার চেষ্টা করছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সিংহেরচর এলাকায় নদীতে দুটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জোয়ারের পানির সঙ্গে ভেসে মরদেহ দুটি ওই এলাকায় এসেছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের একজনের বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর এবং অন্যজনের ৪০ থেকে ৪২ বছর হতে পারে। তাঁদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি মৃত্যুর পরিস্থিতি ও মরদেহ সেখানে আসার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমে নদীর কাদামাটিতে একটি মরদেহ ভাসতে দেখা যায়। পরে কাছাকাছি স্থানে দ্বিতীয় মরদেহটিও নজরে আসে। ঘটনাটি জানাজানি হলে নদীর দুই তীরে মানুষের ভিড় বাড়তে থাকে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।




















