সৌদির দাম্মামে শিল্পাঞ্চলে হামলা, লাগল ভয়াবহ আগুন
- আপডেট সময় ১২:০৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 43
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের একটি শিল্প এলাকায় বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে। গত রবিবার ইয়েমেন থেকে চালানো এই হামলার ফলে ওই কমপ্লেক্সটিতে তীব্র অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘এক্সপ্রেস ট্রিবিউন’ এই তথ্য প্রকাশ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরনা জানায়, ইয়েমেনের দিক থেকে আসা এই হামলায় দাম্মামের ওই শিল্পাঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
বিশ্লেষকদের মতে, ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারের পাশে থাকা সৌদি আরব এবং ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের দীর্ঘদিনের দ্বন্দ্বের মাঝেই নতুন করে এই উত্তেজনার সৃষ্টি হলো। গত জুলাই মাসে দুই পক্ষের মধ্যকার নড়বড়ে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর থেকেই সেখানে নিয়মিত বিরতিতে পাল্টাপাল্টি হামলা চলছে।
এর আগে গত বৃহস্পতিবার হুতিদের পক্ষ থেকে দাবি করা হয়, পশ্চিম ইয়েমেনের মাকবানা জেলার আল-বারাহ এলাকায় দুটি আবাসিক বাড়িতে সৌদি জোটের হামলায় ১২ জন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। যদিও হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই দাবিগুলোর সত্যতা নিরপেক্ষ কোনো সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে সাধারণ মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর সব ধরনের ধ্বংসাত্মক তৎপরতা অবিলম্বে বন্ধ করতে হুতি মিলিশিয়ার প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
গত রবিবার জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক সংবাদ সম্মেলনে জানান, ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে একটি পরিকল্পিত ও সুনির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, হুতিদের কৌশলগত ও সংবেদনশীল সামরিক সম্পদগুলোকে নিষ্ক্রিয় করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বেসামরিক নাগরিক ও স্থাপনা রক্ষায় হুতিদের যেকোনো ধরনের আক্রমণাত্মক আগ্রাসন প্রতিহত করতে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।





















