ইরানে হামলার অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, নিখোঁজ ২ জেলে
- আপডেট সময় ০৮:৩৩:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 24
ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপের কাছে হরমুজ প্রণালিতে দুটি মাছ ধরার নৌকায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। এ ঘটনায় দুই জেলে নিখোঁজ রয়েছেন। অপর দুই নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের কর্তৃপক্ষ।
শনিবার (৩১ অক্টোবর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে কেশম দ্বীপের মাসান গ্রামের উপকূল থেকে প্রায় ১৮ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় এ ঘটনা ঘটে। হরমুজগান প্রদেশের এক সরকারি কর্মকর্তার বরাতে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি ও আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের এ তথ্য জানিয়েছে।
হরমুজগান প্রদেশের গভর্নরের রাজনৈতিক, নিরাপত্তা ও সামাজিক বিষয়ক উপপ্রধান আহমেদ নাফিসি জানান, দুটি মাছ ধরার নৌকায় চারজন নাবিক ছিলেন। হামলার পর তাঁদের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি দুজন এখনো নিখোঁজ। তাঁদের উদ্ধারে স্থানীয় প্রশাসনের অভিযান চলছে।
ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলা হলেও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মার্কিন সামরিক বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থিত কেশম দ্বীপ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বীপটিতে ইরানের শক্তিশালী ভূগর্ভস্থ সামরিক স্থাপনা রয়েছে বলে পরিচিতি আছে। মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এ হামলার অভিযোগ দুই দেশের মধ্যকার বৈরিতা আরও বাড়িয়ে দিতে পারে।
এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইসরায়েলের চাপ ও প্ররোচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও এ অঞ্চলে সামরিক অভিযান শুরু করলে যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এবার সংঘাতের সমাপ্তি ট্রাম্পের নিয়ন্ত্রণে থাকবে না। বরং মধ্যপ্রাচ্যের আরও বিস্তৃত এলাকায় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।























