জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় ১০:৪৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 21
চার দিনের সরকারি সফরে জাপানে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ের আমন্ত্রণে সোমবার (২৬ অক্টোবর) দেশটিতে যান তিনি। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
সোমবার জাপানের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিট) প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা।
এর আগে সোমবার রাত ১২টা ১০ মিনিটে সীমিতসংখ্যক সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং টোকিওতে বাংলাদেশের দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
সফরকালে প্রধানমন্ত্রী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অবস্থান করবেন। সেখানে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের বিদ্যমান সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র পর্যালোচনা করার পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।























