৩৮ দিনের সাইকেলযাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা
- আপডেট সময় ১১:০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / 20
কক্সবাজার থেকে সাইকেল চালিয়ে ৩৮ দিনে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছেছেন রাঙামাটির কাপ্তাইয়ের সাইক্লিস্ট ও অভিযাত্রী বীর কুমার তনচংগ্যা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান তিনি।
নিজের ফেসবুক পোস্টে বীর কুমার দাবি করেছেন, স্থলপথে সমুদ্রপৃষ্ঠ থেকে সাইকেল চালিয়ে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছানো প্রথম পাহাড়ের ছেলে তিনি।
‘সি টু হিমালয়াস এক্সপেডিশন ফর অ্যাওয়ারনেস’ নামের এই অভিযাত্রা শুরু হয় গত ১৬ আগস্ট। কক্সবাজারের কবিতা চত্বর বিচে প্লাস্টিক বর্জ্য সংগ্রহের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অভিযানের সূচনা করেন বীর কুমার। এরপর সাইকেলে বিভিন্ন পথ পাড়ি দিয়ে বাংলাবান্ধা সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করেন তিনি। ভারত হয়ে শিলিগুড়ি অতিক্রম করে নেপালে পৌঁছানোর পর শুরু হয় হিমালয়ের দুর্গম অঞ্চলের মূল অভিযান।
৩৮ দিনের এই অভিযানের উদ্দেশ্য কেবল এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছানোয় সীমাবদ্ধ ছিল না। রক্তদান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু ন্যায্যতা নিয়ে সচেতনতা তৈরি, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ইতিবাচক পরিচিতি তুলে ধরা এবং দেশের অ্যাডভেঞ্চার পর্যটনের সম্ভাবনা তুলে ধরাও অভিযানের লক্ষ্যগুলোর মধ্যে ছিল।
অভিযান সফল হওয়ার পর বীর কুমার বলেন, স্বপ্ন বড় হলে পথ যত কঠিনই হোক, এগিয়ে চলা বন্ধ করা যায় না। দীর্ঘ যাত্রাপথে আবহাওয়ার পরিবর্তন, দুর্গম পাহাড়ি ট্রেইল এবং শারীরিক ও মানসিক চাপ মোকাবিলা করে তাকে এগিয়ে যেতে হয়েছে। এ সময় দেশের মানুষের শুভকামনা ও ভালোবাসা তাকে সাহস জুগিয়েছে বলেও জানান তিনি।
কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের বাসিন্দা বীর কুমার তনচংগ্যা এর আগেও বিভিন্ন সাইকেল অভিযানে অংশ নিয়েছেন। সাইকেলে তিনি বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ করেছেন। এছাড়া টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ক্রস-কান্ট্রি রুটও পাড়ি দিয়েছেন। ভারতের ১০টি রাজ্য ভ্রমণের অভিজ্ঞতাও রয়েছে তার।
সাইক্লিংয়ের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত বীর কুমার। তিনি ‘কাপ্তাই ব্লাড ব্যাংক’ ও ‘ওয়াগ্গা ভলান্টিয়ার’-এর প্রতিষ্ঠাতা। দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান এবং পরিবেশ সচেতনতা তৈরির বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে আসছেন তিনি।

























