মোহাম্মদপুরে লেগুনা দুর্ঘটনায় কিশোরের মৃত্যু
- আপডেট সময় ১০:৪০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / 23
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় চলন্ত লেগুনা থেকে পড়ে সাগর (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সন্ধ্যার দিকে ঢাকা উদ্যান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য, লেগুনাটি স্পিড ব্রেকার পার হওয়ার সময় পেছন থেকে ঝাঁকুনিতে সাগর নিচে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত হন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত পৌনে নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
সাগরের প্রতিবেশী মো. ইব্রাহিম বলেন, সাগর আগে লেগুনায় হেলপারি ও অটোরিকশা চালাতেন। বর্তমানে তিনি বেকার ছিলেন।
তার বাড়ি মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের ১৬ তলা ভবনের পাশে। তার বাবার নাম ফিরোজ।
লেগুনার চালক রিফাত সাগরের বন্ধু। তিনি বলেন, সাগর লেগুনার পেছনে ঝুলে বাসার দিকে আসছিলেন। স্পিড ব্রেকার পার হওয়ার সময় ঝাঁকুনিতে সে পড়ে গিয়ে মাথায় আঘাত পান।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাগরের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

























