জ্বালানি চাহিদা মেটাতে ৬ কার্গো এলএনজি কেনার অনুমোদন
- আপডেট সময় ০১:০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / 16
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ছয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় তিনটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
রোববার অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪৪তম সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে দুটি কার্গো এলএনজি কেনা হবে। এর একটি ৯-১০ অক্টোবর এবং অন্যটি ২৭-২৮ অক্টোবর ২০২৬ তারিখে দেশে সরবরাহ করার কথা রয়েছে।
প্রথম কার্গোটির জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২৮ দশমিক ৯৫ মার্কিন ডলার। যুক্তরাজ্যের টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড ৫২তম কার্গোর জন্য এ দর প্রস্তাব করেছে।
অন্য কার্গোটির জন্য প্রতি এমএমবিটিইউ ২৯ দশমিক ৭৯৫ মার্কিন ডলার দর প্রস্তাব করেছে সিঙ্গাপুরের ভিটল এশিয়া পিটিই লিমিটেড। এটি ৫৬তম কার্গো।
এ ছাড়া সরাসরি ক্রয় পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের ডারাব ইনকরপোরেটেড থেকে দুটি কার্গো কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এসব কার্গোর জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৭ মার্কিন ডলার।
একই পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের মাইন্ড মিংগল এলএলসি থেকে আরও দুটি কার্গো এলএনজি কেনা হবে। এ ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ দাম নির্ধারণ করা হয়েছে ১৯ মার্কিন ডলার।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এলএনজি ক্রয় সংক্রান্ত এই তিনটি প্রস্তাবই সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪৪তম সভায় অনুমোদন করা হয়েছে।























