শিল্পে কাল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী
- আপডেট সময় ০৭:০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / 16
শিল্প-কারখানায় আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ব্যবসায়ী নেতা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকট দীর্ঘদিনের এবং এটি উত্তরাধিকারসূত্রে পাওয়া। ছয় মাস বা এক বছরের মধ্যে এ সমস্যার পুরোপুরি সমাধান সম্ভব নয়। তবে সরকার সমস্যা চিহ্নিত করে পরিকল্পনা অনুযায়ী কাজ করছে।
গ্যাস সংকটের কারণ হিসেবে একটি ভাসমান এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কথা উল্লেখ করেন তিনি। দুর্ঘটনার কারণে সরবরাহে সমস্যা হলেও সেটি ইতোমধ্যে সমাধান হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
ঘাটতি মোকাবিলায় তৃতীয় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। জিটুজি ভিত্তিতে এর প্রস্তুতি প্রায় শেষ হয়েছে এবং ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে এটি সরবরাহ ব্যবস্থায় যুক্ত করার আশা করছে সরকার।
ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে সরকারের পাশে থাকতে হবে। অস্থিতিশীলতা তৈরি হলে ব্যবসা-বাণিজ্য ও দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।
তিনি বলেন, যে সরকার দায়িত্বে থাকে, তাকে তার পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দেওয়া উচিত। সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে ব্যবসায়ী সমাজের পাশাপাশি পুরো দেশ উপকৃত হবে।
সভায় ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।























